রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে কোনো সমঝোতা না হলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার এশিয়া সফরের পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, “আমি নিশ্চিত হতে চাই যে আমরা কোনো চুক্তির পথে আছি। সময় নষ্ট করতে চাই না।” তিনি আরও বলেন, “আমি সব সময় পুতিনের সঙ্গে ভালো সম্পর্ক রেখেছি, তবে সাম্প্রতিক পরিস্থিতি বেশ হতাশাজনক।”
এর আগে ঘোষণা দেওয়া হয়েছিল যে ট্রাম্প ও পুতিন হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে ইউক্রেন শান্তি আলোচনাকে এগিয়ে নিতে সাক্ষাৎ করবেন, তবে সেই বৈঠক শেষ পর্যন্ত হয়নি।
গত ১৫ আগস্ট আলাস্কায় ট্রাম্প ও পুতিনের সর্বশেষ বৈঠক হয়, যেটিকে উভয় পক্ষই শান্তি আলোচনায় “গঠনমূলক” বলে আখ্যা দিয়েছিল।
এদিকে যুদ্ধের চতুর্থ বছরে প্রবেশের আগেই রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় শনিবার ইউক্রেনে অন্তত চারজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। কিয়েভে দুইজন নিহত ও ১৩ জন আহত হন, আর দনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে মারা যান দুইজন ও আহত হন সাতজন।
অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন রাশিয়ার তেল খাতে নিষেধাজ্ঞা আরও বিস্তৃত করার এবং দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহের জন্য।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের আয়োজনে লন্ডনে অনুষ্ঠিত এক বৈঠকে ইউরোপের দুই ডজন নেতার সঙ্গে জেলেনস্কি রাশিয়ার আগ্রাসন ঠেকাতে সহযোগিতা চান।
তবে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ মঙ্গলবার বলেছেন, রাশিয়া তাৎক্ষণিক যুদ্ধবিরতির বিপক্ষে।
এই বৈঠকের মাধ্যমে পশ্চিমা দেশগুলো পুতিনের ওপর চাপ বাড়ানোর এবং রাশিয়ার তেল-গ্যাস রপ্তানি আয় সীমিত করতে নতুন নিষেধাজ্ঞার উদ্যোগ জোরদার করার চেষ্টা করছে।
বার্তাবাজার/এমএইচ






