ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আফগানিস্তান ও পাকিস্তানকে সংলাপ ও প্রতিবেশীসুলভ নীতির মাধ্যমে পারস্পরিক মতপার্থক্য সমাধানের আহ্বান জানিয়েছেন। পবিত্র রমজান মাসকে আত্মসংযম ও ইসলামী সংহতির সময় হিসেবে উল্লেখ করে তিনি উত্তেজনা প্রশমনে ধৈর্য ও সংযম প্রদর্শনের ওপর গুরুত্বারোপ করেন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় আরাঘচি বলেন, কাবুল ও ইসলামাবাদের মধ্যে গঠনমূলক সংলাপ এগিয়ে নিতে এবং পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা জোরদারে ইরান প্রয়োজনীয় যেকোনো সহায়তা দিতে প্রস্তুত।
এদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী শুক্রবার ভোরে বলেছেন, প্রতিবেশী আফগানিস্তানের সঙ্গে দেশটি এখন ‘খোলা যুদ্ধে’ জড়িয়েছে। রাতভর উভয় দেশের পাল্টাপাল্টি হামলায় অন্তত ১৩৩ জন আফগান তালেবান সেনা সদস্যকে হত্যা এবং আরও ২০০ জনের বেশি আহত করার দাবি করেছে ইসলামাবাদ।
আফগান তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ দাবি করেন, আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় হামলা চালানোর কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তান কাবুলসহ আরও দুটি প্রদেশে বিমান হামলা চালিয়েছে। এতে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে।






