প্রতিটি খেলোয়াড়ের একসময় থামতে হয়। এবার সেই তালিকায় নাম উঠতে যাচ্ছে সার্জিও বুসকেটসের। খেলোয়াড়ি জীবনের ইতি টানছেন ফুটবল ইতিহাসের সর্বকালের অন্যতম ডিফেন্সিভ মিডফিল্ডার। ভিডিও-বার্তায় অবসরের সিদ্ধান্ত জানান ৩৭ বছর বয়সী এই তারকা।
মেজর লিগ সকারের চলতি মৌসুম শেষেই ফুটবল মাঠকে বিদায় জানাবেন বুসকেটস। বিশ্বকাপজয়ী স্প্যানিশ কিংবদন্তির ইন্টার মায়ামির হয়ে মৌসুম শেষে বুট জোড়া তুলে রাখতে যাচ্ছেন।
বুসকেটসের বড় পরিচয় বার্সেলোনাকে ঘিরেই। ক্লাবটির যুব দল থেকে পরে ১৮ বছর তিনি ছিলেন এই ক্লাবের সঙ্গেই।
বার্সেলোনার জার্সিতে সাতশ’র বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা। জিতেছেন ৯টি লা লিগা, ৭টি করে কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ, ৩টি করে চ্যাম্পিয়ন্স লিগ, ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ।
এছাড়া স্পেনের হয়ে খেলেছেন ১৪৩ ম্যাচ। ২০০৮ ইউরো, ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো, টানা তিন বড় শিরোপায় তার ছিল বড় অবদান।
সেই বুসকেটস বলেছেন, ‘আমার মনে হয়েছে, পেশাদার ক্যারিয়ারকে বিদায় বলার সময় চলে এসেছে। যেটির স্বপ্ন সবসময় দেখেছিলাম, সেই অবিশ্বাস্য গল্প উপভোগের প্রায় ২০ বছর হয়ে গেলো। দুর্দান্ত সব জায়গায় অনন্য সব অভিজ্ঞতা আমাকে উপহার দিয়েছে ফুটবল, পথচলায় পেয়েছি অসাধারণ সব সঙ্গী।’
তিনি বলেন, ‘বার্সেলোনা ফুটবল ক্লাবকে ধন্যবাদ, দ্য ক্লাব অব মাই লাইফ! স্পেন জাতীয় দলের প্রতিও কৃতজ্ঞতা।’






