ঢাকা   শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মুশফিকের শততম টেস্ট নিয়ে সাকিব বললেন, ‘ম্যাচটি যদি আপনার সঙ্গে খেলতে পারতাম’

Authorনিউজ রুম

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ১১:১৬ এএম

মুশফিকের শততম টেস্ট নিয়ে সাকিব বললেন, ‘ম্যাচটি যদি আপনার সঙ্গে খেলতে পারতাম’

মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামে ক্যারিয়ারের শততম টেস্ট খেলছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে দারুণ এই মাইলফলকের দেখা পেলেন মুশফিক। ঐতিহাসিক এই অর্জনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন সাকিব আল হাসান।

মুশফিকের সঙ্গে টেস্ট ম্যাচের একটি ছবি নিজের ভেরিফাইড ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেন সাকিব। ক্যাপশনে লেখেন, ‘লর্ডসে আপনার খেলা প্রথম টেস্ট ম্যাচ মনে আছে। বিকেএসপির বিনোদন কক্ষে প্রতিটি বল দেখেছি। সেদিন থেকে আপনি আমার জন্য বাংলাদেশের অসংখ্য ক্রিকেটারের অনুপ্রেরণা। আপনি অনেক দিন ধরেই খেলেছেন এবং নিজের সেরাটা দিয়েছেন। বয়সভিত্তিক দলে নেতৃত্ব দেওয়ার সময় থেকেই আমি আপনাকে আমার অধিনায়ক হিসেবে দেখেছি এবং এখন ও সামনে যত দিন খেলব আপনিই হবেন আমার অধিনায়ক। মুশফিক ভাই, এই বিশেষ মুহূর্তে ১০০তম টেস্টের জন্য আপনাকে শুভকামনা জানাই। যেকোনো ক্রিকেটারের জন্যই এটা ঐতিহাসিক অর্জন। যেভাবে আপনার প্রথম ম্যাচ দেখেছিলাম, তেমনি ১০০তম টেস্টেও আপনার খেলা প্রতিটি বল দেখব। আশা করি ম্যাচটি উপভোগ করবেন এবং যদি এমন হতো ম্যাচটি আপনার সঙ্গে খেলে মাঠে আপনার অর্জন উদ্‌যাপন করতে পারতাম!’

বাংলাদেশ দলে মুশফিকের এক সময়ের সতীর্থ ও সাবেক অধিনায়ক সাকিব এখন বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে বেড়াচ্ছেন। বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব অনেক দিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে। জাতীয় দলের হয়ে তাঁর শেষ ম্যাচ ছিল গত বছরের অক্টোবরে, ভারতের বিপক্ষে কানপুর টেস্টে।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে ফিরতে পারেননি নৌকা প্রতীকে দ্বাদশ সংসদ নির্বাচনে সংসদ সদস্য হওয়া সাকিব। এখন আবুধাবি টি-টেন লিগে খেলছেন সাকিব। এই লিগে অংশ নিচ্ছেন বাংলাদেশের তিন ক্রিকেটার সাকিব আল হাসান, সাইফ হাসান ও তাসকিন আহমেদ। সাকিব রয়্যাল চ্যাম্পসের অধিনায়কত্ব করবেন।

 

বার্তা বাজার/এস এইচ

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন