ঢাকা   শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

২৫ বছর পর ভারতে সিরিজ জয়ের অপেক্ষায় দক্ষিণ আফ্রিকা 

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ০৬:৪৫ পিএম

২৫ বছর পর ভারতে সিরিজ জয়ের অপেক্ষায় দক্ষিণ আফ্রিকা 

২৫ বছর হয়েছে ভারতের মাটিতে কোনও সিরিজ জেতেনি দক্ষিণ আফ্রিকা। তেম্বা বাভুমার দলের হাত ধরে অবশেষে সেই আক্ষেপ দূর হতে চলেছে। গুয়াহাটিতে ৫৪৯ রানের অসম্ভব এক লক্ষ্য ছুড়ে এখন দ্বিতীয় টেস্টেও জয়ের অপেক্ষায় সফরকারীরা। দ্বিতীয় ইনিংসে ভারত ২১ রান তুলতেই দুই উইকেট হারিয়েছে। চতুর্থ দিন শেষে তাদের স্কোর ২ উইকেটে ২৭ রান। ওপেনার জয়সওয়ালকে ফিরিয়েছেন মার্কো ইয়ানসেন। আর রাহুলকে বোল্ড করেছেন সিমোন হার্মার। 

ক্রিজে আছেন সাই সুদর্শন (২) ও কুলদীপ যাদব (৪)। শেষ দিন তাদের জয়ের জন্য দরকার ৫২২ রান। প্রোটিয়াদের প্রয়োজন ৮ উইকেট। তেমনটা হলে ১২ বছর পর ঘরের মাঠকে দুর্গ বানানো ভারত ১২ মাসের মধ্যে দ্বিতীয় হোয়াইটওয়াশের তিক্ত স্বাদ পেতে যাচ্ছে। 

ভারতকে প্রথম ইনিংসে ২০১ রানে অলআউট করা প্রোটিয়ারা বিনা উইকেটে ২৬ রানে দিন শুরু করে। তাতে প্রথম ইনিংসে লিড পায় ২৮৮ রানের। 

চতুর্থ দিনে শেষ সেশনে এসে ত্রিস্টান স্টাবস ৯৪ রানে আউটের পর ৫ উইকেটে ২৬০ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে প্রোটিয়ারা। স্টাবসকে বোল্ড করেন রবীন্দ্র জাদেজা। শেষ ইনিংসে ৬২ রানে ৪ উইকেট নেন তিনি। ভিয়ান মুল্ডার ৩৫ রানে অপরাজিত থাকেন। চতুর্থ উইকেটে টনি ডি জর্জি ও স্টাবস মিলে ১০১ রান যোগ করেন। জর্জিকে ৪৯ রানে ফিরিয়ে তাকে ফিফটি বঞ্চিত করেন জাদেজা। কিন্তু স্টাবস দৃঢ়তা দেখান। ১৮০ বল স্থায়ী ছিল তার ইনিংস। তাতে ছিল ৯টি চার ও একটি ছক্কা। 

টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়নরা এরই মধ্যে ১-০ তে এগিয়ে আছে। এই টেস্ট ড্র করলেও ২০০০ সালের পর ভারতের মাটিতে সিরিজ জয়ের স্বাদ পাবে প্রোটিয়া দল। 

টেস্ট ক্রিকেটে সফল রান তাড়ার রেকর্ডটি ওয়েস্ট ইন্ডিজের। ২০০৩ সালে ৪১৮ রান তাড়া করে জিতেছিল তারা। ভারতের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড ৪০৬ রান। সেটাও সেই ১৯৭৬ সালে ক্যারিবিয়ানদের বিপক্ষে।

 

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন