গত ২২শে নভেম্বর বার্তা বাজার অনলাইন পোর্টালে একটি সংবাদ প্রকাশিত হয়। যার শিরোনাম ছিলো “বিএনপি নেতার আড়ালে ভয়ঙ্কর প্রতারক নাজমুল”। প্রতিবেদনটি বার্তা বাজারের স্থানীয় প্রতিবেদক কর্তৃক প্রেরিত হওয়ায় তা যথারীতি বার্তা কক্ষের সম্পাদনার নিয়ম অনুসারে প্রকাশিত হয়েছিলো।
সংবাদটি প্রকাশ হওয়ার পর তা দেশের বিশিষ্টজন ও নির্দিষ্ট রাজনৈতিক দলের নজরে আসে। একই সাথে সংবাদটি যার বিরুদ্ধে প্রকাশিত হয়েছিলো তার নজরকেও আকৃষ্ট করে। ফলে অতিদ্রুত তম সময়ের মধ্যে চাঞ্চল্যকর এই সংবাদের ভিত্তিতে এম নাজমুল হাসান এবং তার দলীয় হাইকমান্ড বার্তা বাজারের সঙ্গে যোগাযোগ করেন। এবং আনুষ্ঠানিক ভাবে গত ২৮শে নভেম্বর এম নাজমুল হাসান বার্তা বাজারকে ই-মেইল ও চিঠির মাধ্যমে একটি প্রতিবাদ প্রেরণ করেন। যার চুম্বকাংশ নিম্নে লিখিত অংশে তুলে ধরা হলো। একই সাথে প্রকাশিত সংবাদের ভিত্তিতে প্রতিবেদকের বক্তব্য ও সম্পাদনা বিভাগের বক্তব্য তুলে ধরা হলো।
প্রতিবাদকারী এম নাজমুল হাসানের বক্তব্যঃ
গত ২২শে নভেম্বর ২০২৫ইং “বার্তা বাজার ডট কম” এর ফেইসবুক পেইজে আমার বিরুদ্ধে প্রকাশিত সংবাদটি সর্ববৈ মিথ্যা, বানোয়াট, বিভ্রান্তিমূলক ও উদ্দেশ্যপ্রণেদিত। একটি কুচক্রীমহল আমাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলক ভাবে কল্প-কাহিনী সাজিয়েছে, যার বিন্দুমাত্র কোন সত্যতার ভিত্তি নাই। আমি প্রকাশিত প্রতিবেদনের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
আল্লাহর কাছে অবিচল আস্থা রেখে বলতে চাই, আমি সারাজীবন কোন অনিয়ম, দূর্নীতি ও অবৈধ কাজের সাথে কখনো আপোষ করিনি। সবসময় সততা ও নিষ্ঠার সাথে অর্পিত দ্বায়িত্ব পালন করে গিয়েছে। আমি বিশ্বাস করি নিশ্চয়ই সত্যের জয় হবে। আমি দেশবাসীর কাছে দোয়া চাই।
প্রতিবেদকের বক্তব্যঃ
প্রকাশিত সংবাদটি আমি আমার নিকটস্থ ও স্থানীয় সূত্রযোগে অসম্পূর্ন তথ্যের ভিত্তিতে প্রেরণ করেছি। প্রতিবেদনটি তৈরী করার সময় আমি যাদের বক্তব্য গ্রহণ করেছি, তাদেরকে পরবর্তীতে আমার কাছে নির্ভরযোগ্য মনে হয়নি। এমনকি সংবাদটিতে তথ্যের ঘাঁটতি থাকার পাশাপাশি উদ্দেশ্যমূলক বলে মনে হয়েছে। ধারণা করছি আমি এই প্রতিবেদনটি প্রণয়নের সময় আমার পূর্নাঙ্গ পেশাদারিত্ব বজায় রাখতে সক্ষম হইনি। ফলে আমার কর্তৃক একটি অজ্ঞতামূলক কর্মকান্ড ঘটে গিয়েছে। আমি বিষয়টি নিয়ে অত্যন্ত লজ্জিত এবং আমি দুঃখ প্রকাশ করছি এই মর্মে যে, আমার পেশাদারিত্বের মানদণ্ডের বাহিরে গিয়ে, আবেগপ্রবণ হয়ে কোন প্রতিবেদন বার্তা বাজারের বার্তা কক্ষে প্রেরণ করবো না। আশাকরি বার্তা বাজার কর্তৃপক্ষ আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং পুনরায় কাজ করার অনুমতি প্রদান করবেন।
সম্পাদনা বিভাগের বক্তব্যঃ
প্রকাশিত সংবাদটি বার্তা বাজারের দৃষ্টিগোচর হওয়ার পর প্রতিবেদক এবং অভিযুক্ত উভয়পক্ষকেই আত্মপক্ষ সমর্থন ও যথাযথ তথ্য উপাত্ত যাচাই বাছাইয়ের জন্য সময় দেয়া হয়। অতঃপর বেঁধে দেয়া সময় এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগে প্রতিবেদক অভিযোগের পরিপ্রেক্ষিত যথাযথ তথ্য উপাত্ত উপস্থাপনে ব্যার্থতার পরিচয় দেন। একই সাথে অভিযুক্তের প্রেরিত সামগ্রীক তথ্য উপাত্ত তার বিরুদ্ধে আণীত অভিযোগ সমূহকে আপাতদৃষ্টিতে দূর্বল ও ভিত্তিহীন প্রমান করে। একই সঙ্গে সংবাদটির তথ্যের ঘাঁটতি নিশ্চিত করে। যথাযথ পেশাদারিত্ব থাকা সত্ত্বেও এমন একটি সংবাদ প্রকাশিত হওয়ায় “বার্তা বাজার” গভীর উদ্বেগ প্রকাশের পাশাপাশি দুঃখ প্রকাশ করছে। এবং দর্শক পাঠকের আস্থাকে পূঁজি করে বার্তা বাজার এই বক্তব্য স্পষ্ট করে যে, অপঃতথ্যের প্রচার ও প্রকাশ বার্তা বাজার সমর্থন করে না।
ই.এক্স/ও.আর






