ঢাকা   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জামায়াত ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা চালু করবে: মাসুদ সাঈদী

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৬:৪৭ পিএম

জামায়াত ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা চালু করবে: মাসুদ সাঈদী

ইমাম–মুয়াজ্জিনদের জন্য সরকারি সম্মানী ভাতা চালুর প্রতিশ্রুতি দিয়েছেন পিরোজপুর–১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী। তিনি বলেন, জাতীয় নির্বাচনের মাধ্যমে আল্লাহর দয়ায় জামায়াত রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে আর্থিকভাবে পিছিয়ে থাকা ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

রবিবার নাজিরপুর আলিয়া মাদ্রাসা চত্বরে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, নাজিরপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত ইমাম সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাসুদ সাঈদী বলেন, ইসলাম শুধু ব্যক্তিজীবন নয়, পরিবার, সমাজ ও রাষ্ট্রজীবনেরও জন্য পূর্ণাঙ্গ নির্দেশনা দিয়েছে। ইমামরা নামাজ–রোজার পাশাপাশি সুদ, ঘুষ, দুর্নীতি, চুরি, ডাকাতি ও সামাজিক অপরাধের বিরুদ্ধেও কথা বলবেন—এটাই ইসলামের দাবি। কিন্তু এ দায়িত্ব পালন করতে গিয়ে ইমামরা অনেক সময় বাধার মুখে পড়েন। সে ক্ষেত্রে ‘সৎসাহসিকতার পরিচয়’ দিতে হবে।

তিনি বলেন, ইসলামের সোনালি যুগে মসজিদ ছিল সমাজ ও রাষ্ট্র পরিচালনার কেন্দ্র। সেখানে বিচারকাজও হতো। সেই ঐতিহ্য এখন অনেকটাই হারিয়ে গেছে। মসজিদকে শুধু ধর্মীয় উপাসনাস্থল হিসেবে না দেখে সমাজ–রাষ্ট্রের কল্যাণে ভূমিকা রাখার জায়গা হিসেবে পুনরায় গড়ে তোলার আহ্বান জানান তিনি।

ইমামদের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, ভ্রান্ত আকিদা ও মতবাদ মোকাবিলা করা, জাতিকে সচেতন করা এবং রাসুল (সা.)–এর রিসালাতের মর্যাদা রক্ষায় সোচ্চার থাকা ইমামদের দায়িত্ব।

দেশের প্রায় সাড়ে তিন লাখ মসজিদের মধ্যে বেশির ভাগই বেসরকারিভাবে পরিচালিত হওয়ায় অনেক সময় ইমাম–খতিবেরা যথাযথ সম্মান ও ন্যায়বিচার পান না—এ অভিযোগ তুলে তিনি বলেন, মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা সময়োপযোগী করতে হবে। পাশাপাশি জামায়াত ক্ষমতায় গেলে ইমামদের জন্য রাষ্ট্রীয় সার্ভিস রুল প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইমাম সমিতির নাজিরপুর উপজেলা সভাপতি মাওলানা হাবিবুল্লাহ বেলালী। সঞ্চালনা করেন সংগঠনের প্রচার সম্পাদক মাওলানা আবু দাউদ। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামী পিরোজপুর জেলার সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক শেখ, নাজিরপুর উপজেলা আমীর মাওলানা আব্দুর রাজ্জাক, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি মাহবুবুর রহমান ফিরোজীসহ ইমাম সমিতির ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতারা।

সমাবেশে নাজিরপুর উপজেলার প্রায় সব মসজিদের ইমাম উপস্থিত ছিলেন।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন