মেহেরপুরের গাংনী উপজেলায় একটি ভোটকেন্দ্রের পাশ থেকে ককটেলের মতো দেখতে সন্দেহজনক একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার হিজলবাড়িয়া গ্রাম থেকে বস্তুটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানিয়েছে, সকাল সাড়ে ৯টার দিকে হিজলবাড়িয়া গ্রামের একটি ভোটকেন্দ্র থেকে প্রায় ১০০ গজ দূরে ঈদগাহ মাঠের গ্রিলের সঙ্গে ঝোলানো একটি লাল শপিং ব্যাগ দেখতে পান স্থানীয়রা। ব্যাগের ভেতরে তুলার মধ্যে কালো স্কচটেপে মোড়ানো একটি সন্দেহজনক বস্তু দেখে তারা বিষয়টি নিয়ে আতঙ্কিত হন এবং দ্রুত গাংনী থানায় খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি বালতির পানিতে ডুবিয়ে নিরাপদে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। কে বা কারা কী উদ্দেশ্যে এটি সেখানে রেখে গেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, মঙ্গলবার রাতের কোনো এক সময় বস্তুটি সেখানে রাখা হয়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত এবং প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।
এ ঘটনায় এলাকায় সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে এলাকাবাসী।






