কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী থেকে নব-নির্বাচিত সংসদ সদস্য আমির হামজা মিষ্টি নিয়ে জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে পরাজিত বিএনপি প্রার্থী জাকির হোসেন সরকারের সঙ্গে দেখা করেছেন।
শুক্রবার সন্ধ্যায় নেতাকর্মীদের সঙ্গে শহরের কোর্ট স্টেশন সংলগ্ন কার্যালয়ে পৌঁছে তিনি শুভেচ্ছা বিনিময় করেন এবং জাকির হোসেন সরকারকে মিষ্টিমুখ করান।
সাক্ষাৎকালে হামজা বলেন, ‘নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও এলাকার উন্নয়নই সবার মূল লক্ষ্য হওয়া উচিত।’ তিনি কুষ্টিয়া-৩ আসনের সার্বিক উন্নয়নে জাকির হোসেন সরকারের সহযোগিতা কামনা করেন এবং ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
এ সময় জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দিন জোয়ার্দার, শহর জামায়াতের আমির এনামুল হকসহ উভয় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশনের ঘোষিত ফল অনুযায়ী কুষ্টিয়া-৩ আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করে হামজা ১ লাখ ৮০ হাজার ৬৯০ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীকে জাকির হোসেন সরকার ১ লাখ ২৬ হাজার ৯৩৯ ভোট পান।
এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪০ হাজার ৮৪২ জন, যার মধ্যে নারী ভোটার ২ লাখ ২৩ হাজার ৫৬৯ জন এবং পুরুষ ভোটার ২ লাখ ১৭ হাজার ২২৯ জন। মোট ১৪২টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।






