নির্বাচন পরবর্তী সহিংসতায় নড়াইলে নারীসহ অন্তত ১৪ জন আহত হয়েছেন। শুক্রবার বিকালে নড়াইল-২ আসনে সদর উপজেলার গাবতলা এলাকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় দুই পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ করেন। স্বতন্ত্র প্রার্থী (কলস প্রতীক) মনিরুল ইসলামের সমর্থকরা জানান, বিকাল সাড়ে ৫টার দিকে তারা স্থানীয় চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় অতর্কিতভাবে ধানের শীষের সমর্থকরা তাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় দুই নারীসহ নয়জন আহত হন।
তবে এসব অভিযোগ অস্বীকার করে বিএনপি সমর্থকরা দাবি করেন, কলস প্রতীকের সমর্থকরা ধানের শীষের নির্বাচনী কার্যালয় ভাঙচুর করতে এলে তারা বাধা দেন। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় পাঁচ বিএনপি সমর্থক আহত হয়েছেন বলে জানান তারা।
এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বলেন, ‘কলস সমর্থক ও ধানের শীষের সমর্থকদের মাঝে মারামারি হয়েছে বলে খবর পেয়েছি। তবে এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’






