ঢাকা   রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

হত্যার উদ্দেশ্যে বিএনপি নেতার বাড়িতে হামলার অভিযোগ

Authorনিউজ রুম

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৭ পিএম

হত্যার উদ্দেশ্যে বিএনপি নেতার বাড়িতে হামলার অভিযোগ

মাদারীপুরে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিএনপির এক সাবেক নেতার বাড়িতে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ উঠেছে। এ সময় অর্ধশতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানা যায়।

শুক্রবার রাতে নতুন শহরের লক্ষীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী হলেন লক্ষীগঞ্জ ইউনিয়নের বিএনপির সাবেক নেতা লাভলু হাওলাদার।

স্থানীয়রা জানিয়েছেন, মাদারীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আক্তার হাওলাদার ও তার নেতাকর্মীরা একটি হত্যা মামলার আসামি ছিলেন। দীর্ঘদিন ধরে তারা পলাতক ছিলেন।

বৃহস্পতিবার নির্বাচনকে কেন্দ্র করে তারা এলাকায় আসেন। পরে তারা শুক্রবার সন্ধ্যার দিকে লক্ষীগঞ্জ এলাকায় বিএনপির সাবেক নেতা লাভলু হাওলাদারের বাড়িতে হামলা চালায়।

এ সময় বাড়ির আশপাশে অর্ধশতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয় বলেও জানান স্থানীয়রা।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, লাভলু হাওলাদারকে হত্যার উদ্দেশ্যে এই হামলা করা হয়। এই হামলার পেছনে আক্তার হাওলাদারের নির্দেশ রয়েছে বলে দাবি করেন তারা। তবে অভিযুক্ত পক্ষের ঘনিষ্ঠজনরা অভিযোগ অস্বীকার করেছেন।

লাভলু হাওলাদার জানান, হঠাৎ করে সন্ত্রাসীরা এসে তার বাড়িতে হামলা ও বোমা নিক্ষেপ করে। এতে পরিবারের সদস্যরা চরম আতঙ্কে পড়েন। এ সময় তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একই সময়ে মাদারীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!