ঢাকা   রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিএনপি দলে না নিলে শপথ নেবেন না হান্নান

Authorনিউজ রুম

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৮ পিএম

বিএনপি দলে না নিলে শপথ নেবেন না হান্নান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী এমএ হান্নান জানিয়েছেন, দল তাকে পুনরায় নেওয়া পর্যন্ত তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন না।

শনিবার ফরিদগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বিএনপি আনুষ্ঠানিকভাবে আমাকে দলে না নিলে শপথ নেব না।’

গত ২১ জানুয়ারি দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ বাতিল করা হয়। সেখানে উল্লেখ করা হয়, দলীয় সিদ্ধান্ত ও কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে, ২৭ ডিসেম্বর ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটিসহ উপজেলার সব ইউনিয়ন দলটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত ঘোষণা করে জেলা বিএনপি। ওই কমিটির আহ্বায়ক ছিলেন হান্নান।

তিনি দাবি করেন, ছাত্রজীবন থেকে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এবং জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী। ভবিষ্যতেও বিএনপির রাজনীতির সঙ্গেই থাকতে চান বলে জানান।

হান্নান অভিযোগ করেন, অতীতে একটি ‘কুচক্রী মহল’ তার দলীয় মনোনয়ন বাতিলে ভূমিকা রেখেছিল এবং এবারও একই ধরনের ষড়যন্ত্রের চেষ্টা হয়েছে। তবে তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের সমর্থনে তিনি জনগণের প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন বলে দাবি করেন।

নির্বাচন-পরবর্তী সহিংসতা ও অপপ্রচারের অভিযোগ তুলে তিনি প্রশাসনের প্রতি কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে নির্বাচনে কারচুপির অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করে তিনি বলেন, ‘ফরিদগঞ্জে একটি স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।’

নবনির্বাচিত এ সংসদ সদস্য নেতাকর্মীদের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, আইনভঙ্গ করলে কাউকে ছাড় দেওয়া হবে না এবং এ বিষয়ে তিনি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবেন।

শারীরিক অসুস্থতা ও হৃদযন্ত্রে রিং বসানোর কারণে নির্বাচনের পরপর গণসংযোগে যেতে না পারায় দুঃখ প্রকাশ করেন তিনি। সংসদের প্রাথমিক কার্যক্রম শেষে রমজান মাসে এলাকায় গণসংযোগে যাওয়ার পরিকল্পনার কথাও জানান।

সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!