ঢাকা-৮ আসনে ভোট কারচুপি, অনিয়ম ও বেআইনি প্রভাব বিস্তারের প্রমাণ দিয়ে নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক অভিযোগ দিয়েছেন এনসিপি মনোনীত ১১-দলীয় জোটের প্রার্থী নাসিরুদ্দীন পাটওয়ারী। সেই সঙ্গে এই আসনে নির্বাচিত সংসদ সদস্যকে শপথ পড়ানো থেকে বিরত থাকারও আবেদন করেছেন তিনি।
রোববার নির্বাচনে নাসিরুদ্দীন পাটওয়ারীর পক্ষে আবেদনটি জমা দেন এনসিপি নেতা কাজী ফখরুল ইসলাম। প্রধান নির্বাচন কমিশনার বরাবর শনিবার এ আবেদন লেখেন পাটওয়ারী।
আবেদনে ঢাকা-৮ আসনের ১২টি কেন্দ্রের অনিয়মের তথ্য তুলে ধরে তিনি ১১টি বিষয় উল্লেখ করেন।
নাসিরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করে বলেন, ‘ঢাকা-৮ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ও তার নেতা-কর্মী, এজেন্ট, পরিবারের সদস্য কর্তৃক ভোট রিগিং, প্রভাব বিস্তার, ফলাফল আটকে রাখা, বাতিলকৃত ভোট গণনাভুক্ত করাসহ নানাবিধ নির্বাচনী অনিয়মের আশ্রয় নেয় এবং এক পর্যায়ে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইজিং অফিসার এবং আসনের রিটার্নিং অফিসার নির্বাচনী অনিয়মে জড়িয়ে পড়ে এবং ভোট কারচুপি ও অনিয়মের মাধ্যমে আমাকে চূড়ান্ত বিজয়ী ঘোষণা না করে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী প্রার্থী হিসাবে ঘোষণা করেন।’
‘ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আমি এই দরখাস্তের মাধ্যমে কারচুপি ও অনিয়মের বিষয় নির্বাচন কমিশনের নজরে আনছি এবং আইন ও বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি’, যোগ করেন শাপলা প্রতীকের এই প্রার্থী।






