পবিত্র রমজান মাসে একটি রেস্টুরেন্টে ইফতারির ছবি পোস্ট করেছেন সাংবাদিক আনিস আলমগীর। সোমবার (১৬ মার্চ) সন্ধ্যায় ফেসবুকে তিনি ছবিটি পোস্ট করেন।
পোস্টে আনিস আলমগীর লেখেন, ‘আমার প্রিয় রেস্টুরেন্টে খেতে এসেছি পরিবার এবং এক প্রিয় ছোট ভাইকে নিয়ে। সবাই নিজের খাদ্য সংগ্রহ করছেন, কিন্তু ওয়েটার এক্সট্রা খাতির করে আমার জন্য নিয়ে এসেছে এগুলো। একটা বিশেষ আইটেম দেখে আমি হাসতে হাসতে মরছি এবং সেটাই সে প্রথম দিয়েছে। এটা কি কাকতালীয় না ইচ্ছা করে করেছে ওয়েটার?’
ছবিতে ইফতারির বেশ কয়েকটি আইটেমের মধ্যে নেহারিও দেখা যায়। পোস্টের কমেন্টেও অনেকে ওই খাবারটির কথা উল্লেখ করেন। ধানমণ্ডির একটি জিম থেকে গত বছরের ১৪ ডিসেম্বর রাতে আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় মহানগর গোয়েন্দা পুলিশ।
পরদিন উত্তরা পশ্চিম থানায় হওয়া সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর দুর্নীতি দমন কমিশনও (দুদক) একটি মামলা করে। আটক হওয়ার দুই দিন আগে নেহারি খাওয়ার একটি ছবি পোস্ট করে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেন আনিস আলমগীর। সমালোচনাকারীদের অভিযোগ ছিল, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির ওপর হামলার দিন এমন ছবি পোস্ট করে তিনি ঘটনাটিকে উৎসাহ দিয়েছেন।
তবে আটক হওয়ার দিন ফেসবুকে আরেকটি পোস্ট দিয়ে তিনি এই অভিযোগ পুরোপুরি নাকচ করে দেন। তিন মাস কারাভোগের পর শনিবার (১৪ মার্চ) আনিস আলমগীর কারাগার থেকে জামিনে মুক্তি পান।
বার্তা বাজার/এস এইচ






