ঢাকা   মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বাংলাদেশ দল কোন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি, তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয়

Authorনিউজ রুম

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০৮:৩০ পিএম

বাংলাদেশ দল কোন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি, তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয়

নানা নাটকীয়তার পর এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত জানায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। কেন বাংলাদেশ এই বৈশ্বিক আসরে খেলতে গেল না, তার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করবে ক্রীড়া মন্ত্রণালয়। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আজ এই তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে অনিয়ম তদন্তে এরই মধ্যে একটি কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুলের করে দেওয়া এই কমিটি নিয়ে উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে বিসিবি। এমন পরিস্থিতিতে সদ্য দায়িত্বপ্রাপ্ত আমিনুল জানালেন, বিশ্বকাপ খেলতে না যাওয়ার কারণ অনুসন্ধানেও তদন্ত হবে। সংগঠকদের কূটনৈতিক ব্যর্থতা খতিয়ে দেখা হবে।

আজ মঙ্গলবার (১৭ মার্চ) মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক অনুষ্ঠান শেষে আমিনুল সাংবাদিকদের বলেন, ‘আমরা কিছুদিন আগে দেখেছি যে বিশ্বকাপ হয়েছে, কিন্তু আমাদের ক্রীড়া কূটনীতির অভাবে আমরা সেই বিশ্বকাপে খেলতে যেতে পারিনি।

কেন এটি হয়েছে, সেটি আসলে তদন্ত করে দেখার বিষয় রয়েছে। এই বিষয় নিয়ে আমি একটি তদন্ত কমিটি গঠন করব। কেন আমরা বিশ্বকাপ খেলতে গেলাম না, আমাদের কোথায় সমস্যা ছিল বা কেন আমাদের ক্রীড়া কূটনীতির অভাব ছিল, সেই বিষয়গুলো তদন্ত কমিটির মাধ্যমে প্রতিবেদন আকারে ক্রিকেট বোর্ড এবং যারা এটার সঙ্গে জড়িত ছিলেন, তাদের কাছ থেকে অবশ্যই চাইব।’

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার জেরে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বিসিবি। তখনকার ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সিদ্ধান্তেই এই অবস্থান নেয় তারা। আসিফ নজরুল তখন নিয়মিত সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতেন ও ফেসবুক পোস্টে সর্বশেষ সিদ্ধান্ত জানাতেন।

বিসিবি আইসিসির কাছে অনুরোধ করেছিল যে, বাংলাদেশের ম্যাচগুলো যেন শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হয়। কিন্তু ভেন্যু বদল সম্ভব নয় জানিয়ে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে খেলার সুযোগ করে দেয় আইসিসি।

এ নিয়ে ক্রিকেটারদের সঙ্গেও বোর্ডের দূরত্ব তৈরি হয়। ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) বিশ্বকাপে অংশ না নেওয়ার সমালোচনা করে আসছিল। তারা ক্রীড়া প্রতিমন্ত্রীকে ক্রিকেটারদের অবস্থান জানানোর পর বিষয়টি নিয়ে তদন্ত করার কথা বললেন আমিনুল, ‘মিঠুনের নেতৃত্বে কোয়াবের একটি দল আমার কাছে এসেছিল। আমি তাদের সঙ্গে কথা বলেছি, তাদের কথা শুনেছি এবং আশ্বস্ত করেছি যে, কেন বিশ্বকাপ ক্রিকেট খেলতে গেলাম না, ঈদের পর এই বিষয়গুলো যাচাই-বাছাই করে পদক্ষেপ নেব।’

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন