মার্কিন-ইসরাইল যুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত করে ফেলেছে ইরান। এরই মধ্যে দেশটির গুরুত্বপূর্ণ কয়েকটি রুটে আবার ট্রেন চলাচল শুরু হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, প্রায় ৪০ দিনের সংঘাতে ক্ষতিগ্রস্ত সেতু, রেললাইনসহ বিভিন্ন স্থাপনা মেরামতের কাজ কয়েক দিন ধরেই চলছে।
দেশটির উত্তর-পশ্চিমাঞ্চল আজারবাইজান অঞ্চলের রেলওয়ে মহাপরিচালক জানান, তাবরিজ থেকে আবার ট্রেন চলাচল শুরু হয়েছে। এসব ট্রেন রাজধানী তেহরান ও উত্তর-পূর্বাঞ্চলের মাশহাদে যাচ্ছে। এমনটাই জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
এদিকে, তেহরানের দক্ষিণে কোম শহরের কাছে একটি গুরুত্বপূর্ণ রেলসেতু শনিবার পুনরায় চালু করা হয়েছে। কোম প্রদেশের উপগভর্নর খসরু সামারি বলেন, ৪০ ঘণ্টারও কম সময়ের মধ্যে সেতুটির মেরামত সম্পন্ন হয়েছে।
শুক্রবার তাসনিম সংবাদ সংস্থা প্রকাশিত এক ভিডিওতে ইসফাহান প্রদেশের কাশান শহরের ইয়াহিয়া আবাদ সেতু দিয়ে একটি ট্রেন চলাচলের দৃশ্য দেখা যায়। রোববার সরকারের মুখপাত্র ফাতেমে মোহাজেরানি জানান, ক্ষতিগ্রস্ত ভবনগুলোর পূর্ণ মেরামতে তিন মাস থেকে দুই বছর পর্যন্ত সময় লাগতে পারে।
বার্তা বাজার/এস এইচ






