ঢাকা   বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘ইরানের পর তুরস্ককে পরবর্তী শত্রু ঘোষণা করতে পারে ইসরায়েল’

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ পিএম

‘ইরানের পর তুরস্ককে পরবর্তী শত্রু ঘোষণা করতে পারে ইসরায়েল’

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, ইরানের পর ইসরায়েল তাদের পরবর্তী আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী হিসেবে তুরস্ককে লক্ষ্যবস্তু বানাতে পারে। তিনি সতর্ক করে বলেন, ইসরায়েলের পররাষ্ট্রনীতি আস্তে আস্তে কেবল বাহ্যিক শত্রু চিহ্নিত করার ওপরই নির্ভরশীল হয়ে উঠছে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

সোমবার (১৩ এপ্রিল) আনাদোলু আজান্সিকে দেয়া এক সাক্ষাৎকারে ফিদান বলেন, ‘ইরানের পর ইসরায়েল তুরস্ককে নতুন শত্রু হিসেবে চিহ্নিত করার চেষ্টা করতে পারে। (নিজেদের নীতি বাস্তবায়নে) ইসরায়েল শত্রু ছাড়া টিকে থাকতে পারে না।’

মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তার প্রতি পারস্পরিক সম্মানের ভিত্তিতে একটি আনুষ্ঠানিক আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গঠনের আহ্বান জানান হাকান ফিদান।

লেবাননে ইসরাইলের সামরিক কর্মকাণ্ড প্রসঙ্গে ফিদান বলেন, ‘এসব হামলা গাজায় চালানো অভিযানের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।’ তিনি অভিযোগ করেন, আবাসন ও অবকাঠামোর ওপর ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে জনশূন্য করার অভিযান পরিচালনা করা হচ্ছে।

সিরিয়া প্রসঙ্গে তিনি সতর্ক করে বলেন, সেখানে ইসরায়েলের হামলা একটি বড় সমস্যা এবং এটি তুরস্কের জন্যও গুরুতর ঝুঁকি তৈরি করছে। তার মতে, বর্তমানে ইরান ইস্যুতে মনোযোগ থাকার কারণে ইসরায়েল কিছুটা সংযত রয়েছে, তবে এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী নাও হতে পারে।

মধ্যপ্রাচ্যের চলমান অচলাবস্থা নিয়ে ফিদান বলেন, ‘ইরান ও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি প্রক্রিয়া বজায় রাখতে আন্তরিক বলে মনে হচ্ছে, তবে বাইরের পক্ষগুলোর হস্তক্ষেপে অগ্রগতি বাধাগ্রস্ত হতে পারে।’

এছাড়া শান্তিপূর্ণ উপায়ে হরমুজ প্রণালি পুনরায় চালু করার পক্ষে তুরস্কের অবস্থান পুনর্ব্যক্ত করেন হাকান ফিদান। সশস্ত্র হস্তক্ষেপ বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে বলেও সতর্ক করেন তুরস্কের এই মন্ত্রী। একই সঙ্গে তিনি বৈশ্বিক নৌ-চলাচল অব্যাহত রাখার গুরুত্বও তুলে ধরেন।

ন্যাটো প্রসঙ্গে তিনি বলেন, ২০২৬ সালের ৭–৮ জুলাই আঙ্কারায় অনুষ্ঠিতব্য শীর্ষ সম্মেলনটি জোটের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ হতে পারে এবং এটি ন্যাটো–যুক্তরাষ্ট্র সম্পর্ককে আরও শক্তিশালী করার সুযোগ তৈরি করবে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!