ঢাকা   শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সোমবার বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী | Barta Bazar

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১০:২৮ পিএম

সোমবার বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী | Barta Bazar

বগুড়া জেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) দিনব্যাপী এই সরকারি সফরে তিনি বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচনসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন এবং একটি জনসভায় ভাষণ দেবেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়ক আবুল কালাম আজাদ।

সফরসূচির বরাতে তিনি জানান, প্রধানমন্ত্রী সকাল ৬টায় ঢাকা থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা হবেন। সকাল সাড়ে ১০টায় বগুড়া সার্কিট হাউসে পৌঁছে সংক্ষিপ্ত বিরতির পর বেলা ১১টায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে নবনির্মিত আইনজীবী সমিতির ভবন উদ্বোধন এবং ই-বেইল বন্ড কার্যক্রমের সূচনা করবেন।

এরপর বেলা সাড়ে ১১টায় তিনি বগুড়া পৌরভবনে গিয়ে নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন করবেন। সেখান থেকে গাবতলী উপজেলার বাগবাড়ীর উদ্দেশে রওনা হয়ে দুপুর ১২টা ৪৫ মিনিটে পৌঁছানোর কথা রয়েছে। বাগবাড়ীতে তিনি জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচি-২০২৬ উদ্বোধন করবেন এবং শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন।

এরপর দুপুর ১টা ৪৫ মিনিটে নশিপুরে চৌকিরদহ খাল খনন কার্যক্রমের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক বাড়ি পরিদর্শন করবেন। পরে দুপুর ২টা ৪৫ মিনিটে তিনি বাগবাড়ী থেকে বগুড়া সার্কিট হাউসে ফিরে আসবেন।

বিকাল ৪টায় আলতাফুন্নেছা খেলার মাঠে বগুড়া জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। এরপর বিকেল ৫টা ৪৫ মিনিটে বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন এবং বাইতুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন।

দিনের কর্মসূচি শেষে সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশে রওনা হবেন। ফেরার পথে তিনি বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) স্বল্প সময়ের জন্য বিরতি নেবেন এবং রাত ১১টার মধ্যে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সমন্বয়ক আবুল কালাম আজাদ বলেন, প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে বগুড়া জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। সফর নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!