ঢাকা   বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

প্রতিদিন হাজারবার আপনাদের ‘গুপ্ত’ বলেই ডাকব: ছাত্রদল সাধারণ সম্পাদক

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ পিএম

প্রতিদিন হাজারবার আপনাদের ‘গুপ্ত’ বলেই ডাকব: ছাত্রদল সাধারণ সম্পাদক

শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ধরনের ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে গ্রাফিতি বিতর্ক ও ছাত্রদল-শিবির সংঘর্ষের প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে তিনি বলেন, ‘যদি শিবিরকে একবার গুপ্ত বলার কারণে চট্টগ্রাম সিটি কলেজে আপনারা হামলা করেন, তাহলে আগামী কয়েক বছর ধরে বাংলাদেশের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিদিন হাজারবার, প্রতিটি দেয়ালে, প্রতিটি লেখনীতে আমরা আপনাদের গুপ্ত বলেই ডাকব।’

বুধবার (২২ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম নগরের নিউমার্কেট মোড়ে আয়োজিত প্রতিবাদী সমাবেশে এসব কথা বলেন তিনি। এর আগে নগরের পুরোনো রেলস্টেশন মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়, যা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট মোড়ে এসে শেষ হয়।

সমাবেশে নাছির উদ্দীন সিটি কলেজের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘মতের ভিন্নতা থাকলে একটি পাল্টা গ্রাফিতি অঙ্কন করা যেত। কিন্তু সেটি না করে একটি গ্রাফিতি লেখার কারণে যে সন্ত্রাসবাদকে উসকে দেওয়া হয়েছে এবং ছাত্রদলের অসংখ্য নেতাকর্মীর ওপর হামলা করা হয়েছে, তা থেকে স্পষ্ট—আপনারা শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে প্রস্তুত নন।’

তিনি আরও বলেন, ‘নিজেদের অপকর্ম আড়াল করতে ছাত্রদলের ওপর হামলার অভিযোগ চাপিয়ে দেওয়া হচ্ছে। একে মানুষ সহজ কথায় বলে আক্রমণকারী হয়েও ভিকটিম কার্ড খেলা। এটি শিবিরের এক পুরোনো চরিত্র, যা এখন দুশ্চরিত্রে পরিণত হয়েছে।’

ছাত্রদলের এই নেতা পরিষ্কার জানিয়ে দেন, বাংলাদেশের কোনো ক্যাম্পাসে ভবিষ্যতে গোপন রাজনীতির স্থান নেই। রাজনীতি করতে হলে অবশ্যই তা প্রকাশ্যে ও স্বচ্ছভাবে করতে হবে। তিনি বলেন, ‘আমরা কোনো প্রতিহিংসায় বিশ্বাসী নই। কিন্তু চট্টগ্রাম সিটি কলেজের মতো যদি কোনো ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা হয়, তবে ছাত্রদল আর চুপচাপ বসে থাকবে না।’

উল্লেখ্য, গত সোমবার চট্টগ্রাম সরকারি সিটি কলেজের দেয়ালে ‘ছাত্ররাজনীতি ও ছাত্রলীগমুক্ত ক্যাম্পাস’ লেখা গ্রাফিতি থেকে ‘ছাত্র’ শব্দটি মুছে ‘গুপ্ত’ লিখে দিয়েছিল ছাত্রদল। এ নিয়ে উত্তেজনার জেরে মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দুই দফায় সংঘর্ষ হয়। ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে চালানো এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলমের সভাপতিত্বে ও সদস্যসচিব শরিফুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ নোমানসহ চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা ছাত্রদলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!