ঢাকা   বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে হরমুজ প্রণালি খোলা ‘সম্ভব নয়’: ইরান

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৯:২৪ এএম

যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে হরমুজ প্রণালি খোলা ‘সম্ভব নয়’: ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘স্পষ্ট যুদ্ধবিরতি লঙ্ঘনের’ কারণে হরমুজ প্রণালি খোলা সম্ভব নয় বলে জানিয়েছেন ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ।

বুধবার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ইরানের বন্দরগুলোকে ঘিরে রেখেছে, যা বৈশ্বিক অর্থনীতিকে ‘জিম্মি করে রাখার’ শামিল। একই সঙ্গে ইসরায়েলের ‘সব ফ্রন্টে যুদ্ধোন্মাদ আচরণ’ পরিস্থিতিকে জটিল করে তুলছে।

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেন, তেহরান আলোচনায় আগ্রহী থাকলেও ‘প্রতিশ্রুতি ভঙ্গ, অবরোধ ও হুমকি’ প্রকৃত আলোচনার প্রধান বাধা।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন, যা বুধবার শেষ হওয়ার কথা ছিল। পরে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট জানান, এই সময়সীমা অনির্দিষ্ট এবং নতুন কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন নৌ অবরোধে ট্রাম্প ‘সন্তুষ্ট’ এবং বর্তমানে কার্ডগুলো ট্রাম্পের হাতেই রয়েছে।

এদিকে, সম্ভাব্য নতুন শান্তি আলোচনা পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা এখনও শুরু হয়নি। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার কথা থাকলেও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এখনও যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন।

সংঘাতের এই প্রেক্ষাপটে হরমুজ প্রণালিতে উত্তেজনা অব্যাহত রয়েছে। ইরান জানিয়েছে, তারা দুটি কার্গো জাহাজ ‘জব্দ’ করেছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌ শাখা দাবি করেছে, জাহাজগুলো অনুমোদন ছাড়া চলাচল করছিল, বারবার নিয়ম লঙ্ঘন করছিল এবং গোপনে প্রণালি ছাড়ার চেষ্টা করছিল। তারা নেভিগেশন সিস্টেমে হস্তক্ষেপের অভিযোগও তোলে এবং সতর্ক করে যে প্রণালিতে চলাচল নজরদারিতে রাখা হচ্ছে।

এর আগে তিনটি জাহাজে হামলার খবর পাওয়া যায়। এর মধ্যে একটি জাহাজ সংযুক্ত আরব আমিরাতের একটি বন্দরের কাছে নোঙর করেছে বলে মেরিনট্রাফিকের তথ্য বিশ্লেষণে দেখা গেছে। সামুদ্রিক নিরাপত্তা প্রতিষ্ঠান ভ্যানগার্ড জানায়, জাহাজটি ইরানের পশ্চিমে আট নটিক্যাল মাইল দূরে আক্রান্ত হলেও এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

অন্যদিকে, গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী জর্জ গেরাপেট্রিটিস নিশ্চিত করেছেন যে গ্রিক মালিকানাধীন জাহাজ হামলার শিকার হয়েছে, তবে এটি ইরান জব্দ করেছে কি না—তা নিশ্চিত করা যায়নি।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, নৌবাহিনীর সচিব জন ফেলান তাৎক্ষণিকভাবে দায়িত্ব ছাড়ছেন, যদিও এর কারণ জানানো হয়নি। ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন হাং কাও।

হোয়াইট হাউস জানিয়েছে, হরমুজ প্রণালিতে ইরানের জাহাজ জব্দকে তারা যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে দেখছে না, কারণ জাহাজগুলো যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের নয়।

সূত্র: বিবিসি

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!