বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক সবচেয়ে আলোচিত ইস্যু টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে দলের বাইরে থাকা নিয়ে বিতর্ক যেন থামছেই না। একসময় সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতের দালাল’ বলে তোপের মুখে পড়েছিলেন বিসিবির সাবেক পরিচালক এম নাজমুল ইসলাম। সেই তিনিই এবার আঙুল তুললেন তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলর দিকে।
নাজমুলের দাবি, বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে বড় ভূমিকা ছিল আসিফ নজরুলের ব্যক্তিগত অবস্থানের।
বাংলাদেশের বিশ্বকাপে না যাওয়ার একক দায় তিনি দিচ্ছেন সাবেক আইন ও ক্রীড়া উপদেষ্টাকে। তার ভাষায়, ‘আসিফ নজরুল সাহেব ব্যক্তিগতভাবে একটু একরোখা মানুষ। আমার মনে হয়, সবাই এটা জানে। আসিফ নজরুল যেটা বলেন, তিনি ওটাতেই অটল থাকতে চান।
তিনি আমাদের সঙ্গে কোনো কথা বলার আগেই ফেসবুকে নিজের বক্তব্য দিয়ে সিদ্ধান্ত জানিয়ে দেন। এমনকি এর পরের দিন বা তার পরের দিনও তিনি আরেকটা বক্তব্য দেন। তিনি নিরবচ্ছিন্নভাবে নানা যুক্তি দেখিয়ে নিজের সিদ্ধান্ত বাস্তবায়নের পেছনে কাজ করেছেন।’
বিশ্বকাপ খেলতে কোনোভাবেই বাংলাদেশ দলকে ভারতে যেতে না দেওয়ার যে মনোভাব ছিল আসিফ নজরুলের, তার পেছনে অন্য উদ্দেশ্যও দেখেছেন বিসিবির সাবেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম, ‘সরকারের ভেতরে থাকা কোনো ব্যক্তি হয়তো বিশেষ কোনো উদ্দেশ্যে এই মনোভাব পোষণ করেছেন বা ব্যক্তিস্বার্থে সিদ্ধান্ত নিয়েছেন।
’
ঘটনার সূত্রপাত মূলত পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর। এরপরই পরিস্থিতি জটিল হতে শুরু করে। বিসিবি প্রথমে আইসিসির সঙ্গে আলোচনার পথে হাঁটতে চাইলেও, সামাজিক মাধ্যমে দেওয়া একটি স্ট্যাটাসে হঠাৎ করেই ভিন্ন বার্তা দেন আসিফ নজরুল। সেখানে তিনি ভারতে না যাওয়ার পক্ষে মত দেন এবং বিকল্প ভেন্যুর প্রস্তাব তোলেন।
এই অবস্থায় আন্তর্জাতিক পর্যায়ে সমর্থন আদায়ে ব্যর্থ হয় বাংলাদেশ। শেষ পর্যন্ত আইসিসি ভোটাভুটির মাধ্যমে বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেয়। ফলে ইতিহাসে প্রথমবারের মতো একটি বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ দল।
বার্তা বাজার/এস এইচ






