বার্তা বাজারে সংবাদ প্রকাশের পর মালয়েশিয়ার কুখ্যাত মানবপাচারকারী কুকুমু সিন্ডিকেটের সদস্য ইয়াছিনকে ১টি বিদেশি পিস্তলসহ আটক করেছে কোস্ট গার্ড। সে টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিন মহেষখালীয়া পাড়ার আনজল হোসেনের ছেলে।
আজ শুক্রবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৩ এপ্রিল রাতে মহেষখলীয়া পাড়ায় বিশেষ অভিযান চালিয়ে ইয়াছিনকে আটক করা হয়। এসময় তার হেফাজতে থাকা ১ টি ৭.৬৫ মি.মি. বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ মানবপাচারের সাথে জড়িত ছিল এবং তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মানবপাচারের মামলা রয়েছে।
জব্দকৃত অস্ত্র ও আটক ব্যক্তিকে আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
প্রসঙ্গত, তাকে নিয়ে গতকাল ২৩ এপ্রিল “মালয়েশিয়ার ‘কুকুমু’ সিন্ডিকেটের শীর্ষ মানবপাচারকারী ইয়াছিন অধরা” শিরোনামে অনুসন্ধানী সংবাদ প্রকাশ করেছিলো বার্তা বাজার।
বার্তা বাজার/এস এইচ






