পাবনার সুজানগরে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও এর অঙ্গসংগঠনের ২১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতব্যাপী উপজেলার মথুরাপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সুজানগর থানার ওসি মোজাফফর হোসেন।
গ্রেপ্তারকৃতদের নাম ঠিকানা জানা যায়নি। তবে তারা সুজানগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ওহাবের সমর্থক বলে জানা গেছে। ওসি মোজাফফর হোসেন জানান, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য বৃহস্পতিবার রাতে উপজেলার মথুরাপুরে একটি চক্র জমায়েত হচ্ছে বলে আমাদের কাছে গোপন সংবাদ ছিল। এর ভিত্তিতে রাত পৌনে ১১টার দিকে সেখানে অভিযান চালালে চক্রটি বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। পরে রাতব্যাপী ওই এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মোট ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হচ্ছে।
অভিযোগ রয়েছে, আওয়ামীলীগের কার্যক্রম নিষিদ্ধ ও নেতাকর্মীরা পলাতক থাকলেও সম্প্রতি সুজানগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ওহাব ও তার সমর্থকরা ওই এলাকায় সক্রিয় হবার চেষ্টা করছেন। গত রমজানে প্রকাশ্যে ইফতার মাহফিলের আয়োজন এবং আওয়ামী সংশ্লিষ্ট বিভিন্ন দিবস ও কর্মসূচিও পালন করার চেষ্টা করতে দেখা গেছে।
সম্প্রতি পাবনা জজ কোর্টে হাজিরা দেওয়ার পর কোর্টচত্তরে একাধিকবার জয় বাংলা স্লোগান দিয়ে বের হয়ে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেয়েছে।
বার্তা বাজার/এস এইচ






