ঢাকা   সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার আসামি মঞ্জুরের পরদিনই লাভলুর জামিন বাতিল

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ পিএম

খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার আসামি মঞ্জুরের পরদিনই লাভলুর জামিন বাতিল

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লা শিশিরের জামিন মঞ্জুরের একদিন পরেই বাতিল করেছেন একই আদালত। লাভলু ছাত্রজীবনে মাস্টারদা সূর্যসেন হল ছাত্রলীগের সভাপতি ছিলেন।

সোমবার (২৭ এপ্রিল) শুনানি শেষে ঢাকার ১৭তম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. ওয়াহিদুজ্জামানের আদালত এই আদেশ দেন। সময় মতো জামিননামা দাখিল করতে না পারায় তার জামিন বাতিল করা হয়েছে। এর আগে, গতকাল রোববার (২৬ এপ্রিল) লাভলুর জামিন মঞ্জুর করেন একই আদালত।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. আশরাফুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ আসামিকে গতকাল এক হাজার টাকার মুচলেকায় জামিন মঞ্জুর করেন আদালত। গতকাল রোববার (২৬ এপ্রিল) আসামি পক্ষের আইনজীবীরা জামিননামা সময় মতো আদালতে জমা দিতে পারেননি। আজ সোমবার (২৭ এপ্রিল) সকালে আসামির পক্ষের আইনজীবী এই জামিননামা দাখিল করেন। পরবর্তীতে আদালত আসামির এই জামিননামা রিজেক্ট করে জামিন বাতিলের নির্দেশ দেন।’

সম্প্রতি মানবতাবিরোধী অপরাধের এক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আই ডোন্ট কেয়ার’ লেখা একটি ফটোকার্ড পোস্ট করেন লাভলু। এই ঘটনার জেরে গত বছরের ১৭ নভেম্বর মধ্যরাতে শিক্ষার্থীরা তাকে আটক করে শাহবাগ থানা পুলিশের হাতে তুলে দেন। পরবর্তীতে শাহবাগ থানা পুলিশ খালেদা জিয়ার গাড়িবহরের ঘটনায় হওয়া মামলায় তাকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার দেখায়।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৫ সালের ২২ এপ্রিল ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে গুলশানের বাসভবন থেকে গাড়ি বহর নিয়ে বের হন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিকাল সাড়ে ৫ টায় শাহবাগের বাংলামোটর সিগন্যালে পৌঁছালে পূর্ব পরিকল্পিতভাবে গাড়িবহরে হামলা করা হয়। এ সময় তারা খালেদা জিয়ার গাড়িবহরের ১২ থেকে ১৪টি গাড়ি ভাঙচুর করে, চারটি মোটরসাইকেলে আগুন দেয় এবং নেতাকর্মীদের মারধর করে। এই হামলায় খালেদা জিয়ার নিরাপত্তারক্ষীরা আহত হন। ওই ঘটনায় ২০২৪ সালের ২৩ নভেম্বর শাহবাগ থানায় মামলা করা হয়।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!