কুমিল্লার চৌদ্দগ্রামে দুর্বৃত্তদের অগ্নিসংযোগে ঘর হারানো পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য নতুন বাড়ি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
‘ধানের শীষে ভোট দেওয়াকে কেন্দ্র করে বাড়িঘরে অগ্নিসংযোগ, ভুক্তভোগী মায়ের কান্না’ শীর্ষক একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি তারেক রহমানের নজরে আসে। পরে মানবিক বিবেচনায় তিনি তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন।
এর ধারাবাহিকতায় মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) বিকেলে চৌদ্দগ্রাম উপজেলার মাসকরা গ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য নতুন বাড়ি নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানার নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন।
এ সময় মোকছেদুল মোমিন মিথুন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন এবং অগ্নিসংযোগের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি হামলায় গুরুতর আহত ইউনিয়ন যুবদলের সাংগঠনিক নেতা জাহিদুল হাসান মাসুমকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. কামরুল হুদা, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মোস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব, রুবেল আমিন, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু হানিফ, ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে কামরুল হুদা বলেন, “নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তারেক রহমানের নির্দেশনায় ‘আমরা বিএনপি পরিবার’ সবসময় অসহায় মানুষের পাশে থেকে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।”
উল্লেখ্য, গত ৪ এপ্রিল সন্ধ্যায় চৌদ্দগ্রাম উপজেলার বাতিশা ইউনিয়নের সোনাপুর গ্রামে দুর্বৃত্তদের অগ্নিসংযোগে কৃষক মিলনসহ অন্তত পাঁচটি পরিবারের বসতঘর পুড়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সর্বস্ব হারিয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হয়।






