যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত শুরুর পর প্রথমবারের মতো হরমুজ প্রণালি পাড়ি দিয়েছে তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বহনকারী একটি ট্যাঙ্কার। বুধবার (২৯ এপ্রিল) ‘মুবারাজ’ নামের ট্যাঙ্কারটি পারস্য উপসাগর ত্যাগ করেছে বলে সংবাদ প্রকাশ করেছে ব্লুমবার্গ।
সংবাদমাধ্যমটির মতে, মুবারাজ লাইবেরিয়ার পতাকাবাহী ট্যাঙ্কার। যুদ্ধ শুরুর আগে গত মার্চ মাসে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ন্যাশবাল ওয়েল কোম্পানির দাস আইল্যান্ড স্থাপনা থেকে কার্গো বোঝাই করেছিল। বর্তমানে জাহাজটি ভারতের দক্ষিণ প্রান্ত অতিক্রম করছে।
মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, প্রায় ২৮ দিন আগে ট্যাঙ্কারটি পারস্য উপসাগর এলাকায় অবস্থান করছিল।
প্রসঙ্গত, সুইজারল্যান্ডের জেনেভায় আলোচনা চলতে থাকা অবস্থায় ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বাহিনী। এর জবাবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি ও ইসরায়েলে পাল্টা হামলা করে ইরান।
দীর্ঘ ৩৯ দিনের যুদ্ধের পর ইরানের ১০ দফা প্রস্তাবের ভিত্তিতে ৭ এপ্রিল যুদ্ধবিরতির প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র। পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হয়।
এরপর ১১ এপ্রিল ১০ দফা প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তানের ইসলামাবাদে সরাসরি আলোচনায় বসে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দল। ইরানের হয়ে এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাঘের ঘালিবাফ এবং যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
ইরানের লিগ্যাল মেডিসিন সংস্থার তথ্যমতে, ১০ এপ্রিল পর্যন্ত সংঘাতে মোট ৩ হাজার ৩৭৫ জন নিহত হন, যার মধ্যে ২,৮৭৫ জন পুরুষ এবং ৪৯৬ জন নারী। এছাড়া জরুরি চিকিৎসা বিভাগের তথ্য অনুযায়ী, এই যুদ্ধে ১১৮ জন চিকিৎসাকর্মী আহত হন এবং ২৬ জন নিহত হন।
বার্তা বাজার/এমএমএইচ






