বিএনপির নেতা ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদ সংক্রান্ত শুনানি আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।
বুধবার (২৮ মে) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ নেতৃত্বে গঠিত ছয় সদস্যের আপিল বিভাগ এই নির্দেশ দেন। এর আগে, মঙ্গলবার (২৭ মে) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক শুনানির তারিখ নির্ধারণ করেন।
গত ২২ মে হাইকোর্ট ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় এবং নির্বাচন কমিশনের গেজেট স্থগিতের আবেদন সরাসরি বাতিল করে দেন। একই দিন আদেশের পূর্ণাঙ্গ অনুলিপিও প্রকাশ হয়। এরপর ২৫ মে রিটকারীর পক্ষে আপিল বিভাগের অনুমতি নিয়ে লিভ টু আপিল করা হয়।
এ ব্যাপারে জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন জানান, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ও ইসির গেজেট স্থগিতের জন্য করা লিভ টু আপিল আগামীকাল আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি হবে।
সুপ্রিম কোর্টের ওয়েবসাইট অনুযায়ী, প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ ‘মো. মামুনুর রশিদ বনাম বাংলাদেশ সরকার ও অন্যান্য’ নামে লিভ টু আপিল শুনানির জন্য বুধবার কার্যতালিকায় রয়েছে।
উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডিএসসিসি নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন এবং ২ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন ফলাফল গেজেট প্রকাশ করে। এরপর নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে ২০২০ সালের ৩ মার্চ বিএনপির প্রার্থী ইশরাক হোসেন আদালতে মামলা করেন।
বিরোধ নিষ্পত্তির জন্য দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর চলতি বছরের ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল ইশরাককে মেয়র ঘোষণা করেন। এর ভিত্তিতে ২৭ এপ্রিল ইসির পক্ষ থেকে গেজেট প্রকাশিত হয়। তবে হাইকোর্টে আদেশ ও গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করা হলে তা খারিজ হয়। বর্তমানে এই আদেশের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানি চলছে।






