ঢাকা   রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

গণভোট বিষয়ে এনসিপির জাতীয় কনভেনশন রোববার

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০২ মে ২০২৬, ০৮:২২ পিএম

গণভোট বিষয়ে এনসিপির জাতীয় কনভেনশন রোববার

জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার ও গণভোট বিষয়ক জাতীয় কনভেনশন আয়োজন করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন হলরুমে দিনব্যাপী এই কনভেনশন অনুষ্ঠিত হবে।

এতে বিভিন্ন সেশনে বিন্যস্ত এই কনভেনশনে এনসিপি নেতারা ছাড়াও অংশ নেবেন রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, আইনজীবীসহ নাগরিক সমাজের প্রতিনিধিরা।

শনিবার রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় কনভেনশন নিয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন এনসিপির যুগ্ম আহবায়ক ও সংস্কার বাস্তবায়ন কমিটির উপ-প্রধান সারোয়ার তুষার।

জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার ও গণভোট বিষয়ক জাতীয় কনভেনশনের উদ্বোধনী সেশন সকাল ৯টা থেকে সকাল ১০টা পর্যন্ত চলবে। এতে সেশন চেয়ার থাকবেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, স্বাগত বক্তব্য রাখবেন সারোয়ার তুষার। এ সেশনে প্যানেলিস্ট হিসেবে থাকবেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী, সমাজবিজ্ঞানী মির্জা হাসান, বিআইবিএম-এর সাবেক মহাপরিচালক তৌফিক আহমদ চৌধুরী। মডারেটর এনসিপির যুগ্ম আহবায়ক জাবেদ রাসিন।

প্রথম সেশনে অর্থনৈতিক পুনর্গঠন: দুদক, এনবিআর, ব্যাংকিং খাতের শৃঙ্খলা ও কর্মসংস্থান নিয়ে আলোচনা হবে সকাল ১০টা থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত। এতে সেশন চেয়ার এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মডারেটর জাতীয় নারীশক্তির আহবায়ক মনিরা শারমিন। প্যানেলিস্ট হিসেবে থাকবেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্য়াপক এম নিয়াজ আসাদুল্লাহ, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ-এর চেয়ারম্যান এন্ড সিইও ড. এম. মাসরুর রিয়াজ, বিডিজবস.কম-এর সিইও ফাহিম মাসরুর, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি শামস মাহমুদ, এজ এএমসি লিমিটেডের চেয়ারম্যান চার্টার্ড ফাইনান্সিয়াল এনালিস্ট আসিফ খান।

দ্বিতীয় সেশনে জ্বালানি নিরাপত্তা: বর্তমান সংকট এবং ভবিষ্যত করণীয় নিয়ে আলোচনা হবে সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত। সেশন চেয়ার এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, মডারেটর যুগ্ম আহবায়ক আতিক মুজাহিদ। প্যানেলিস্ট হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তানজীমউদ্দিন খান, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব)-এর জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ার উন্নয়ন অর্থনীতিবিদ ড. খান জহিরুল ইসলাম, জাতীয় অর্থনীতির সম্পাদক ইসমাইল আলী, ইন্সটিটিউট ফর এনার্জি ইকনমিকস এন্ড ফাইনান্সিয়াল এনালাইসিস-এর লিড এনার্জি এনালিস্ট শফিকুল আলম, এনার্জি অ্যান্ড পাওয়ার সম্পাদক মোল্লাহ আমজাদ হোসেন, বাংলাদেশ সাস্টেইনেবল এন্ড রিনিউএবল এনার্জি এসোসিয়েশন-এর সাধারণ সম্পাদক আতাউর রহমান সরকার।

তৃতীয় সেশনে মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার: বর্তমান ঝুঁকি ও করণীয় নিয়ে দুপুর ২টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত আলোচনা চলবে। সেশন চেয়ার এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মডারেটর এনসিপির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আলামিন। প্যানেলিস্ট থাকবেন আইনজীবী ও মানবাধিকারকর্মী সারা হোসেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আবু হেনা রাজ্জাকী, সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক আশরাফ কায়সার, সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট জায়মা ইসলাম, গুম (প্রতিরোধ) কমিশনের সাবেক সদস্য নাবিলা ইদ্রিস, জাতীয় যুবশক্তির সভাপতি তারিকুল ইসলাম, মানবাধিকারকর্মী মিনহাজ আমান।

সমাপনী সেশনে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে জুলাই সনদ, সংস্কার ও গণভোট নিয়ে বিকাল ৪টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত আলোচনা চলবে। সেশন চেয়ার থাকবেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, মডারেটর এনসিপির সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আদীব। প্যানেলিস্ট থাকবেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, নাগরিক ঐক্য’র সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনের পর প্রায় ৭০ শতাংশ জনগণ গণভোটে একপক্ষে মত দেওয়ায় রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি ঐকমত্য তৈরি হয়েছিল। সে অনুযায়ী দ্রুত সংস্কার বাস্তবায়নের প্রত্যাশা ছিল। কিন্তু আমরা দেখলাম, সরকার গঠন করার পর সেই প্রতিশ্রুতি থেকে সরে আসা হয়েছে। গণভোটের রায় বাস্তবায়নের পরিবর্তে সেটিকে কখনো ‘প্রতারণার দলিল’, কখনো ‘অসাংবিধানিক’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।

তিনি বলেন, গণভোটে জনগণের স্পষ্ট মতামত থাকা সত্ত্বেও সরকার সেই রায় অস্বীকার করেছে। সংবিধান সংস্কার পরিষদ গঠন করা তাদের দায়িত্ব ছিল, কিন্তু তারা তা করেনি। সংবিধানের মৌলিক কাঠামোয় পরিবর্তন আনতে হলে একটি উচ্চতর কাঠামোর প্রতিষ্ঠান প্রয়োজন। সেই প্রয়োজন থেকেই সংবিধান সংস্কার পরিষদের ধারণা এসেছে, যা আগে কোনো দলই প্রত্যাখ্যান করেনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন প্রমুখ।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!