স্বর্ণের দামে বড় ধরনের ধস
এমটিনিউজ২৪ ডেস্ক : ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হওয়ায় বিশ্ব অর্থনীতিতে টালমাটাল জ্বালানি তেলের বাজার। এর সরাসরি প্রভাব পড়েছে স্বর্ণের বাজারে। আন্তর্জাতিক বাজারে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দামে বড় ধরনের ধস নেমেছে।
সোমবার (৪ মে) লেনদেন শুরুর কিছুক্ষণের মধ্যেই মূল্যবান এ ধাতুর দাম ১ শতাংশের বেশি কমে গেছে।
মূলত ডলার শক্তিশালী হওয়া এবং মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার কমানো নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের বদলে এখন ডলারের দিকেই বেশি ঝুঁকছেন।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ গ্রিনিচ মান সময় (জিএমটি) বেলা ১১টা ৪০ মিনিট পর্যন্ত বিশ্ববাজারে স্পট গোল্ডের দাম ১ দশমিক ৩ শতাংশ হ্রাস পেয়েছে। ফলে প্রতি আউন্স স্বর্ণের মূল্য নেমে এসেছে ৪ হাজার ৫৫৩ ডলার ৫৩ সেন্টে। অপরদিকে, যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার বা ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে স্বর্ণের দাম ১ দশমিক ৭ শতাংশ কমে বর্তমানে প্রতি আউন্স ৪ হাজার ৫৬৫ ডলার ৪০ সেন্টে লেনদেন হচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেওয়ায় বৈশ্বিক মুদ্রাস্ফীতি নিয়ে উদ্বেগ বেড়েছে।
এ উত্তজেনার প্রভাবে তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১১৩ ডলার ছাড়িয়ে গেছে। বায়বিটের প্রধান বাজার বিশ্লেষক হান ট্যান বলেন, ‘মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে নতুন উদ্বেগ তৈরি হওয়ায় স্বর্ণের বাজার ধাক্কা খেয়েছে। বিনিয়োগকারীরা এখন স্বর্ণের বদলে মার্কিন ডলারকে নিরাপদ বিনিয়োগ হিসেবে বেছে নিচ্ছেন।’






