ঢাকা   বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পটুয়াখালীতে নেতাদের দ্বন্দ্বে হয়নি ৫০০ শয্যার হাসপাতাল: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৬:২৯ পিএম

পটুয়াখালীতে নেতাদের দ্বন্দ্বে হয়নি ৫০০ শয্যার হাসপাতাল: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্য মো. নুরুল হক নুর বলেছেন, পটুয়াখালী মেডিকেলে কলেজের পাশে একটি ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল হওয়ার কথা থাকলেও বিগত সময়ে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের নেতাদের নিজেদের মধ্যে দ্বন্দ্বের কারণে তা হয়নি।

বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মেডিকেল কলেজের সঙ্গে ৫০০ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল থাকার কথা। কিন্তু তৎকালীন সরকারি দলের নেতাদের কেউ চেয়েছিলেন তাদের বাড়ির সামনে হাসপাতাল নিতে এবং কেউ চেয়েছিলেন তার নাকের ডগায় হাসপাতাল রাখবেন। তাদের এই দ্বন্দ্বের কারণে আলাদা পাঁচশ’ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালটি হয়নি। সেখানে আরও আড়াইশ’ শয্যা যুক্ত হয়ে ৫০০ শয্যার হাসপাতাল হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, মেডিকেল কলেজের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের বাইরে আলাদা একটি পূর্ণাঙ্গ ৫০০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল করার প্রচেষ্টা থাকবে তাদের।

তিনি বলেন, জেলা-উপজেলায় সবখানেই একই অবস্থা। প্রতিটি হাসপাতালে মেডিকেল অফিসারের পদ আছে, কিন্তু তারা কর্মরত নেই।

প্রতিমন্ত্রী প্রশ্ন রেখে বলেন, ‘একটি হাসপাতালের দুই-তৃতীয়াংশ ডাক্তার যদি অনুপস্থিত থাকে বা পোস্টিং না থাকে, তাহলে সেখানে কীভাবে চিকিৎসা দেবে? হাসপাতালে যে পরিবেশ, তাতে আল্লাহর বিশেষ রহমত ছাড়া রোগী সুস্থ হওয়া সম্ভব ছিল না।’

তিনি আরও বলেন, জেলা ও বিভাগীয় পর্যায়ে মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসার মান বৃদ্ধি ও জনবল বৃদ্ধি করে সরকার জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এরই অংশ হিসেবে স্থানীয় এমপি-মন্ত্রীদের হাসপাতালগুলোর দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে হাসপাতালের পরিবেশের উন্নতি হয়।

প্রতিমন্ত্রী বলেন, স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থান—এই তিন খাতে সরকারের অগ্রাধিকার রয়েছে। এই তিন জায়গায় যদি সরকার সফল হতে পারে, তাহলে আমরা দেশকে অনেক দূর এগিয়ে নিতে পারব। সরকারের স্বাস্থ্য খাতের দর্শন অনুযায়ী ‘সবার জন্য স্বাস্থ্য’ তারই অংশ। এই লক্ষ্যে সবার জন্য ই-হেলথ কার্ড চালু করা হবে বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘দেশে কর্মসংস্থানের পাশাপাশি বিদেশে দক্ষ জনগোষ্ঠী ও মানবসম্পদ পাঠাতে পারি, সে বিষয়ে সরকারের গুরুত্ব রয়েছে। তাই স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থান—এই তিনটি বিষয়ে সরকারের বড় অগ্রাধিকার রয়েছে।’

পরে পটুয়াখালী মেডিকেল কলেজ অডিটরিয়ামে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর। মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. এফ. এম. আতিকুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আবু ইউসুফ, জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক জুয়েল রানা, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলরুবা ইয়াসমিন লিজাসহ মেডিকেল কলেজ ও হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।

এর আগে প্রতিমন্ত্রী নুরুল হক নুর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। এ সময় তিনি রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যার কথা শোনেন।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!