ঢাকা   রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ডিএনএ টেস্টে নির্দোষ সেই ইমামের আর্থিক ক্ষতিপূরণ দাবি এনসিপির

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১০ মে ২০২৬, ০২:৩৬ এএম

ডিএনএ টেস্টে নির্দোষ সেই ইমামের আর্থিক ক্ষতিপূরণ দাবি এনসিপির

ডিএনএ পরীক্ষায় এক কিশোরীর সন্তানের জৈবিক (বায়োলজিক্যাল) পিতা হিসেবে বড় ভাইয়ের পরিচয় নিশ্চিত হওয়ার পর সম্প্রতি দেশজুড়ে আলোচনায় আসে ফেনীর পরশুরামের ইমাম মোজাফফর আহমদ জুবায়েরের (২৫) ঘটনা। মিথ্যা মামলায় কারাভোগ করা এই ইমামের চাকরি ফিরিয়ে দেওয়া, আর্থিক ক্ষতিপূরণ ও ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনিসিপি)।

শনিবার (৯ মে) বিকেলে ফেনী রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব (ধর্ম ও সম্প্রীতি বিষয়ক সম্পাদক) তারেক রেজা এ দাবি তুলেন। এ সময় মোজাফফরের ঋণ পরিশোধ ও পুনর্বাসনের আশ্বাস দেন তিনি।

বক্তব্যে তারেক রেজা বলেন, মসজিদের ইমাম মোজাফফরকে পরিকল্পিতভাবে এমনভাবে ফাঁসানো হয়েছিল, কঠিন সেই সময়ে তার পাশে কাউকে পাওয়া যায়নি। তিনি নির্দোষ হয়েও কারাভোগ করেছেন, সামাজিকভাবে সম্মানহানির শিকার হয়েছেন এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমরা এনসিপির পক্ষ থেকে তার চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি জানাই। একই সঙ্গে রাষ্ট্রের কাছে তার সামাজিক মর্যাদাহানি ও আর্থিক ক্ষতির উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করছি।

এনসিপির কেন্দ্রীয় সদস্য ও ফেনী জেলা আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত বলেন, একজন নির্দোষ মানুষকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে কারাগারে পাঠানো শুধু ব্যক্তির বিরুদ্ধে অন্যায় নয়, এটি পুরো সমাজ ও ন্যায়বিচারের জন্য লজ্জাজনক ঘটনা। সেই ইমামের সম্মান, পেশা ও স্বাভাবিক জীবনের ক্ষতি পূরণ করা হয়তো কখনো পুরোপুরি সম্ভব নয়, তবে আমরা চাই তিনি যেন সামাজিক মর্যাদা ও সম্মান নিয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। এসব যথাযথ নিশ্চিতে আমরা ভূমিকা রাখব।

ভুক্তভোগী মোজাফফর আহমদ বলেন, আমি সম্পূর্ণ নির্দোষ হয়েও কারাভোগ করেছি। এ ঘটনায় সামাজিকভাবে অপমানিত হয়েছি, মসজিদের ইমামতি ও ইসলামিক ফাউন্ডেশনের চাকরি হারিয়েছি। মামলার খরচ চালাতে বাড়ির পাশে থাকা জমিও বিক্রি করতে হয়েছে। মানসিকভাবে এতটাই বিপর্যস্ত ছিলাম যে এতদিন বিষয়টি কাউকে বলতে পারিনি। এখন বিষয়টি প্রকাশ্যে আসায় মানুষ সত্য জানতে পারছে। আমি কারাভোগ, সামাজিক মর্যাদাহানি ও আর্থিক ক্ষতির ন্যায়বিচার চাই।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক সূজা উদ্দিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মুহাইমিন তাজিম, যুগ্ম সদস্য সচিব ফজলে এলাহী চৌধুরী সায়েম, যুব শক্তির জেলা আহবায়ক পারভেজ আহমেদ ও ছাত্রশক্তি জেলা সিনিয়র যুগ্ম আহবায়ক আরমান হোসেন রাফি।

প্রসঙ্গত, ফেনীর পরশুরামে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়ে এক মাস দুই দিন কারাভোগ করা স্থানীয় মসজিদের ইমাম মোজাফফর আহমদ অবশেষে ডিএনএ পরীক্ষায় নির্দোষ প্রমাণিত হয়েছেন। তদন্তে বেরিয়ে এসেছে কিশোরীর ভূমিষ্ঠ সন্তানের জৈবিক (বায়োলজিক্যাল) পিতা তার আপন বড় ভাই। ভাইকে বাঁচাতে পরিকল্পিতভাবে ওই ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানো হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। সম্প্রতি এ ঘটনায় ভুক্তভোগী ইমাম মুখ খুললে দেশজুড়ে ঘটনাটি আবার আলোচনার সৃষ্টি করে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!