ঢাকা   রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

দেশের প্রথম বিট সুগার মিল কৃষিভিত্তিক শিল্পে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে: বাণিজ্যমন্ত্রী

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১০ মে ২০২৬, ০৬:০০ পিএম

দেশের প্রথম বিট সুগার মিল কৃষিভিত্তিক শিল্পে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে: বাণিজ্যমন্ত্রী

দেশের প্রথম বিট সুগার মিল কৃষিভিত্তিক শিল্পে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, এ ধরনের উদ্ভাবনী উদ্যোগ সম্প্রসারণে সরকার প্রয়োজনীয় সহযোগিতা দেবে।

শনিবার (৯ মে) বিকেলে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার রামগঞ্জ বিলাসী চর তিস্তাপাড়ায় দেশের প্রথম বিট সুগার মিল পরিদর্শন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, এটি শুধু তাত্ত্বিক কোনো ধারণা নয়, বাস্তবে সফলভাবে প্রয়োগ করা একটি সম্ভাবনাময় উদ্যোগ। গুড় উৎপাদন থেকে শুরু করে আধুনিক চিনি উৎপাদনের প্রস্তুতি—সব মিলিয়ে এটি একটি আশাব্যঞ্জক মডেল।

রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সনদ সংক্রান্ত জটিলতা নিরসনে সেবা অনলাইনে আনার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, উদ্যোক্তাদের সুবিধার্থে প্রয়োজনে নিকটবর্তী এলাকায় শাখা অফিস স্থাপনের বিষয়ও বিবেচনা করা হবে। পাশাপাশি কার্গো পরিবহন ও রফতানি ব্যয় কমিয়ে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলকভাবে পণ্য পাঠানোর বিষয়ে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

খন্দকার আব্দুল মুক্তাদির আরও বলেন, দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাংলাদেশের একটি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট (এফটিএ) নিয়ে আলোচনা চলছে। এটি বাস্তবায়িত হলে দেশের রফতানি খাতে নতুন সুযোগ সৃষ্টি হবে।

তিনি জানান, বিট সুগার উৎপাদনের সম্ভাবনা নিয়ে কৃষি মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় সভা করা হবে। উদ্যোক্তাদের প্রয়োজন হলে ঋণসহ প্রয়োজনীয় সহায়তাও দেওয়া হবে।

অনুষ্ঠানে উদ্যোক্তা মো. আব্দুস সালাম বলেন, ভূমির উচ্চতা ও দীর্ঘ শীত মৌসুমের কারণে রংপুর বিভাগ সুগার বিট চাষের জন্য সবচেয়ে উপযোগী। ২০১৩ সাল থেকে বিভিন্ন জেলায় পরীক্ষামূলকভাবে সুগার বিট চাষ শুরু করা হয় এবং এতে ভালো ফল পাওয়া যাচ্ছে।

তিনি আরও জানান, ২০২৭ সাল থেকে বিট সুগার মিল থেকে চিনি উৎপাদন শুরু করার পরিকল্পনা রয়েছে। এ কারখানা থেকে বছরে ৪৫ হাজার টন চিনি, ৪৮ লাখ সিবিএম গ্যাস, ৪৫ হাজার টন জৈব সার ও ৩০ হাজার টন পশুখাদ্য উৎপাদনের আশা করছেন তারা।

এ সময় তিনি ইপিবির সনদ প্রাপ্তি সহজ করা, দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তি বাস্তবায়ন এবং উত্তরবঙ্গ থেকে বিমানের কার্গো ফ্লাইট চালুর দাবি জানান।

অনুষ্ঠানে শিল্প সচিব মো. ওবায়দুর রহমান ও পঞ্চগড়ের জেলা প্রশাসক মোছা. শুকরিয়া বেগম বক্তব্য দেন। এতে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, উদ্যোক্তা ও কৃষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!