প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র ছিলেন কিনা—এ নিয়ে সম্প্রতি বিভিন্ন মহলে প্রশ্ন তোলা হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাবি আইন বিভাগের অধ্যাপক ও অন্তর্বর্তীকা সরকারের সাবেক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তবে তিনি জানিয়েছেন, তারেক রহমান অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।
বুধবার (১৩ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
ড. আসিফ নজরুল লিখেছেন, তারেক রহমান ১৯৮৫-৮৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হয়েছিলেন এবং তখন প্রায় দুই মাস ক্লাসও করেছিলেন। তিনি নিজেও তখন আইন বিভাগের উপরের ব্যাচের ছাত্র হিসেবে বিষয়টি জানতেন বলে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, তারেক রহমানের সহপাঠীদের মধ্যে বর্তমানে পরিচিত অনেকেই রয়েছেন। তাদের মধ্যে সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী, সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসান এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বর্তমান বিচারপতি ফারাহ মাহবুব উল্লেখযোগ্য।
ফেসবুক স্ট্যাটাসে তিনি আরও দাবি করেন, সে সময় দেশে এরশাদ সরকারের শাসন চলছিল। রাজনৈতিক পরিস্থিতি ও নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে তারেক রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা পরবর্তী সময়ে বন্ধ হয়ে যেতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
বার্তা বাজার/এস এইচ






