ফলাফল ঘোষণা ও শপথের সুযোগ চেয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে (ফটিকছড়ি) বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের আবেদন নথিভুক্ত করেছে আপিল বিভাগ। একইসঙ্গে আপিল শুনানির জন্য ৯ জুন দিন ধার্য করা হয়েছে। বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেয়।
এর আগে, ঋণ খেলাপের অভিযোগে নির্বাচন কমিশনে সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিলের আদেশ স্থগিত করে হাইকোর্ট। একইসঙ্গে তাকে নির্বাচনে সুযোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে জামায়াত প্রার্থী নুরুল আমিন আপিল বিভাগে লিভ টু আপিল করেন।
গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ সারোয়ার আলমগীরের প্রার্থিতা বহালের বিরুদ্ধে লিভ টু আপিল মঞ্জুর করে। ফলে সারোয়ার আলমগীর নির্বাচন করার সুযোগ পান। কিন্তু আদালত আদেশ দেয়, ওই আসনে ভোটের ফলাফল আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে, ফলাফল প্রকাশ হবে না।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে সারোয়ার আলমগীর বেসরকারিভাবে বিজয়ী হন। কিন্তু আদালতের আদেশের কারণে ফলাফল প্রকাশিত হয়নি। এ অবস্থায় ফলাফল ঘোষণা ও শপথের সুযোগ চেয়ে সারোয়ার আলমগীর আবেদন করেন।
জামায়াত প্রার্থীর আইনজীবী শিশির মনির বলেন, ‘আবেদনে সারোয়ার আলমগীর ফলাফল প্রকাশ ও শপথের সুযোগ চেয়েছেন। সেটি নথিভুক্ত করেছে আপিল বিভাগ। একইসঙ্গে আপিল শুনানির জন্য ৯ জুন দিন ধার্য করা হয়েছে।’






