ঢাকা   বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

কৃত্রিম জ্বালানি সংকট তৈরি করে জনভোগান্তি সৃষ্টি করা হয়েছিল: চিফ হুইপ

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৬:৩২ পিএম

কৃত্রিম জ্বালানি সংকট তৈরি করে জনভোগান্তি সৃষ্টি করা হয়েছিল: চিফ হুইপ

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কৃত্রিম জ্বালানি সংকট সৃষ্টি করা হয়েছিল। একটি মহল দেশের ক্ষতি করার উদ্দেশ্যে এ সংকট তৈরি করে সাধারণ মানুষের ভোগান্তি বাড়িয়েছিল। পাম্পে তেলের লাইনে ২ থেকে ৫ কিলোমিটার পর্যন্ত সিরিয়াল পড়েছিল। সবাই মিলে কাজ করার ঘোষণা দেওয়ার ৩ দিনের মধ্যে লাইন ফাঁকা। এ তেল অন্য জায়গা থেকে আসেনি, দেশেই ছিল।

বৃহস্পতিবার দুপুরে বরগুনায় আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

চিফ হুইপ বলেন, উপকূলভিত্তিক উন্নয়ন জোরদার করতে আলাদা মন্ত্রণালয় গঠন সময়ের দাবি। এ বিষয়ে প্রধানমন্ত্রীসহ সরকারের কাছে দাবি জানানো হয়েছে। উপকূলীয় সম্পদ সঠিকভাবে কাজে লাগাতে পারলে রাষ্ট্রের দুটি বাজেটের সমান আয় করা সম্ভব। পাশাপাশি চোরাচালান বন্ধ করতে পারলে সরকারের ব্যাপক রাজস্ব বৃদ্ধি পাবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান অন্তত ১শ’টি উন্নয়ন কাজ হাতে নিয়েছেন যা বাস্তবায়নের অপেক্ষায় আছে এবং কিছু বাস্তবায়ন হয়েছে। সকল মন্ত্রণালয় ব্যাপক কর্মযজ্ঞ চলছে।

তিনি ঘোষণা দেন, বরগুনাকে মডেল জেলা হিসেবে পরিণত করা হবে। সেক্ষেত্রে প্রশাসনসহ সবার সহযোগিতা কামনা করেন।

উন্নয়ন কর্মকাণ্ডের মান আরও বাড়ানোর তাগিদ দিয়ে চিফ হুইপ বলেন, দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে গুণগত মান নিশ্চিত করতে হবে। দুর্নীতির বিষয়ে তিনি বলেন, দুর্নীতি পুরোপুরি নির্মূল করা সম্ভব না হলেও এটিকে সহনীয় পর্যায়ে নামিয়ে আনার জন্য সরকার কাজ করছে।

অপসাংবাদিকতা রোধে করণীয় সম্পর্কে নূরুল ইসলাম মনি বলেন, এটি একটি জটিল বিষয়। তবে অপতথ্য ও অপসাংবাদিকতা বন্ধে সংশ্লিষ্টরা কাজ করছেন।

বরগুনা জেলা প্রশাসক তাসলিমা আক্তারের সভাপতিত্বে সভায় বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাওলানা মো. অলিউল্লাহ্, জেলা পরিষদ প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!