নিজেদের তৈরি অত্যাধুনিক স্থল-উৎক্ষেপণকারী ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘ফাতাহ-৪’-এর সফল প্রশিক্ষণমূলক পরীক্ষা চালিয়েছে পাকিস্তান।
বৃহস্পতিবার দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, পাকিস্তান সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ডের তত্ত্বাবধানে এ পরীক্ষা পরিচালিত হয়। ক্ষেপণাস্ত্রটির বিভিন্ন কারিগরি সক্ষমতা যাচাই এবং সেনাদের কার্যক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই এই উৎক্ষেপণ করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘ফাতাহ-৪’ ক্ষেপণাস্ত্রে অত্যাধুনিক এভিওনিক্স ও আধুনিক নেভিগেশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এটি দীর্ঘ দূরত্বের লক্ষ্যবস্তুতে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। পাশাপাশি প্রতিকূল পরিস্থিতিতেও কার্যকরভাবে কাজ করার সক্ষমতা আরও উন্নত করা হয়েছে।
এ সফল পরীক্ষায় সন্তোষ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং দেশটির সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। তারা ক্ষেপণাস্ত্র উন্নয়ন প্রকল্পে যুক্ত বিজ্ঞানী, প্রকৌশলী ও সংশ্লিষ্টদের প্রশংসা করেন।
এর আগে গত এপ্রিলের শেষ দিকে পাকিস্তান ‘ফাতাহ-২’ ক্ষেপণাস্ত্র ব্যবস্থারও সফল পরীক্ষা চালায়। এছাড়া পাকিস্তান নৌবাহিনী সম্প্রতি নিজেদের তৈরি জাহাজ-বিধ্বংসী আকাশ-উৎক্ষেপণকারী ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘তৈমুর’-এর পরীক্ষাও সফলভাবে সম্পন্ন করেছে।
বার্তা বাজার/এমএমএইচ






