ঢাকা   শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

রাষ্ট্র কোনো নির্দিষ্ট ব্যক্তি বা সরকারের ব্যক্তিগত ডিভাইস নয়: তথ্যমন্ত্রী

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪ মে ২০২৬, ১০:১৩ পিএম

রাষ্ট্র কোনো নির্দিষ্ট ব্যক্তি বা সরকারের ব্যক্তিগত ডিভাইস নয়: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, প্রজাতন্ত্রের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণ এবং তাদের কল্যাণে একটি দক্ষ, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর প্রশাসন গড়ে তুলতে হবে। তিনি বলেন, রাষ্ট্র কোনো নির্দিষ্ট ব্যক্তি বা সরকারের ব্যক্তিগত ডিভাইস নয়, বরং জনগণের ইচ্ছাই রাষ্ট্র পরিচালনার মূল চালিকাশক্তি।

বৃহস্পতিবার (১৪ মে) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের বিভিন্ন শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, সরকার ও রাষ্ট্রকে এক করে দেখার দীর্ঘদিনের প্রবণতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তিনি বলেন, ‘জনগণের সম্মিলিত মতামতই রাষ্ট্রকে পরিচালিত করে। একটি নির্বাচিত সরকারের দায়িত্ব হচ্ছে সেই ইচ্ছাকে জনকল্যাণমূলক কাজে রূপান্তর করা।’

প্রশাসনের কার্যকারিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে জহির উদ্দিন স্বপন বলেন, কর্মকর্তাদের বিচ্ছিন্নভাবে থাকা সক্ষমতাকে সুনির্দিষ্ট লক্ষ্যে কেন্দ্রীভূত করতে হবে। বিজ্ঞানের উদাহরণ টেনে তিনি বলেন, ‘ছড়িয়ে থাকা আলোকে যেমন লেজারে রূপান্তর করলে তার শক্তি বহুগুণ বেড়ে যায়, তেমনি প্রশাসনের কর্মকর্তাদের সম্মিলিত দক্ষতা ও আন্তরিকতাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে সেটি আরও উৎপাদনশীল হয়ে উঠবে।’

মন্ত্রী কর্মকর্তাদের উদ্দেশে আরও বলেন, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে প্রতিটি কাজ সংবিধান ও বিদ্যমান বিধিবিধানের আলোকে করতে হবে। আইনের শাসনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সংবিধানই সকল আইন ও বিধির মূল ভিত্তি। এছাড়া, তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করার ওপর জোর দিয়ে তিনি বলেন, প্রশাসনে স্বচ্ছতা না থাকলে সাধারণ মানুষের মনে সন্দেহ তৈরি হয়। তাই দ্রুততম সময়ের মধ্যে প্রশাসনিক সকল স্তরে পূর্ণাঙ্গ ডিজিটালাইজেশন নিশ্চিত করতে হবে।

প্রচলিত আমলাতান্ত্রিক দূরত্ব কমিয়ে কর্মকর্তাদের জন্য একটি মুক্ত ও অংশগ্রহণমূলক কর্মপরিবেশ তৈরির আহ্বান জানান তথ্যমন্ত্রী। তিনি কর্মকর্তাদের সৃজনশীল মতামত ও গঠনমূলক পরামর্শ দেওয়ার জন্য উৎসাহিত করেন। সভায় তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানাসহ মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর ও শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!