সাতক্ষীরার ভারতীয় রেনু পোনা আটক করেছে পুলিশ। পরে আটককৃত মাছের পোনা দেবহাটার বসন্তপুর খালে অবমুক্ত করা হয়েছে।
সংশ্লিষ্ট পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৪ মে) ভোর আনুমানিক ৫টার দিকে পুলিশের একটি টিম অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার বহেরা নতুন মসজিদের সামনে সাতক্ষীরা-শ্যামনগর মহাসড়কে পরিত্যক্ত অবস্থায় একটি প্লাস্টিকের বস্তায় ৪টি পলি বলে চিংড়ি মাছের রেনু পোনা উদ্ধার করে। রেনু পোনার বিষয়ে দেবহাটা উপজেলা মৎস্য কর্মকর্তাকে অবহিত করা হয়। রেনু পোনা দ্রুত মারা যাওয়ার আশঙ্কা থাকায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় জব্দকৃত রেনু পোনা দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম, পুলিশ সদস্য ও উপজেলা মৎস্য অধিদপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে দেবহাটার বসন্তপুর খালে অবমুক্ত করা হয়।
রেনু পোনা অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন এসআই মিজানুর রহমান, পিএসআই বিপ্লব মালাকার, এএসআই আকিজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
ওসি আব্দুল আলিম বলেন, “কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার আশায় অবৈধ পথে ভারতীয় রেনু পোনা এনে দেশীয় হ্যাচারিগুলোর সুনাম ক্ষুণ্ন করছে। এ ধরনের অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।” আরও বলেন, এর আগে কয়েকদিনের পৃথক অভিযানে ২৫ বল ভারতীয় রেনু পোনা জব্দ করা হয়।
বার্তা বাজার/এমএমএইচ






