তবে কী বড় ‘সারপ্রাইজ’ আসছে পে-স্কেল নিয়ে? সূত্র যা বলছে
এমটিনিউজ২৪ ডেস্ক : লাখ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর দীর্ঘদিনের কাঙ্ক্ষিত নবম জাতীয় বেতন কাঠামো (পে-স্কেল) বাস্তবায়নের লক্ষ্যে নীরবে প্রস্তুতি নিচ্ছে সরকার। সব ঠিক থাকলে আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটেই এ খাতের জন্য বিশেষ বরাদ্দ রাখা হচ্ছে। চূড়ান্ত অনুমোদন মিললে আগামী জুলাই মাস থেকেই নতুন পে-স্কেলের প্রাথমিক রূপরেখা আলোর মুখ দেখতে পারে বলে নীতিনির্ধারণী সূত্রে জানা গেছে।
পে-স্কেল নিয়ে নীরব প্রস্তুতি, আগামী বাজেটে বড় ‘সারপ্রাইজ’?
অর্থ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আগামী ৭ জুন বিকেল ৩টায় জাতীয় সংসদে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় (বাজেট) অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এই অধিবেশনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নতুন অর্থবছরের বাজেট পেশ করবেন। আর এই বাজেটেই সরকারি চাকরিজীবীদের জন্য বড় ‘সারপ্রাইজ’ হিসেবে আসতে পারে নতুন বেতন কাঠামোর ঘোষণা ও প্রয়োজনীয় আর্থিক বরাদ্দ।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বর্তমান বাজার বাস্তবতা, ঊর্ধ্বমুখী দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে বেশ কিছুদিন ধরেই নতুন বেতন কাঠামো প্রণয়নের কাজ করছে অর্থ মন্ত্রণালয়। এই লক্ষ্য পূরণে আগামী বাজেটে প্রায় ৩৫ হাজার কোটি টাকার একটি সম্ভাব্য বরাদ্দ রাখার পরিকল্পনা করা হচ্ছে। তবে দেশের বর্তমান অর্থনৈতিক চাপ ও রাজস্ব পরিস্থিতি বিবেচনায় নিয়ে পুরো বিষয়টি অত্যন্ত সতর্কতার সঙ্গে এগোচ্ছে সরকার।
সূত্র জানায়, দেশের সামষ্টিক অর্থনীতির ওপর চাপ কমাতে একযোগে পুরো পে-স্কেল বাস্তবায়ন না করে ধাপে ধাপে তা কার্যকর করার কৌশল নেয়া হয়েছে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, জুলাই থেকে মূল বেতনে সীমিত আকারে প্রবৃদ্ধি দেয়া হতে পারে। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন ভাতা, সুযোগ-সুবিধা ও অন্যান্য আর্থিক কাঠামো সমন্বয় করা হবে। সরকারের লক্ষ্য, ২০২৮-২৯ অর্থবছরের মধ্যে নতুন বেতন কাঠামোর শতভাগ সুবিধা কর্মচারীদের হাতে পৌঁছানো।






