ঢাকা   রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বেহেশতের কার্ড কিনলে ঠকে যাইতেন: এমপি আবুল খায়ের ভূঁইয়া

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৭:৫৪ এএম

বেহেশতের কার্ড কিনলে ঠকে যাইতেন: এমপি আবুল খায়ের ভূঁইয়া

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, কুশাখালীবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। বিগত নির্বাচনে তারা কঠিন সিদ্ধান্ত নিয়েছে। যারা বলছে যে, বেহেশতের কার্ড তাদের কাছে বিক্রি করেছেন। কিন্তু আপনারা বেহেশতের কার্ড কিনেননি। এখন আপনাদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে। বেহেশতের কার্ড কিনলে কিন্তু ঠকে যাইতেন নগদে। এ অবস্থা দেখতেন না এখন। ভবিষ্যতে ইসলামকে ব্যবহার করে সাধারণ জনগণকে যেন ঠকাতে না পারে সেজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে।

শনিবার (১৬ মে) সন্ধ্যায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী এ্যানি চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

এরআগে চাঁদপুর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বিতীয় পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এরমধ্যে লক্ষ্মীপুরের কুশাখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ১২৫১ জন নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।

আবুল খায়ের ভূঁইয়া বলেন, আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশে এসে প্রথম বক্তব্যে বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান। তার অন্যতম একটি অংশ হচ্ছে ফ্যামিলিকার্ড। এ ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা প্রমাণ করে দিয়েছি, বাংলাদেশের জনগণের সঙ্গে বিএনপি যে প্রতিশ্রুতি দেয়, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের ক্ষেত্রে কখনো ওয়াদা ভঙ্গ করা হয় না। যোগ্য পিতা ও মাতার সন্তান হিসেবে পৃথিবীতে বিরল। বাবা ছিলেন স্বাধীনতার ঘোষক, রাষ্ট্রপতি, সেনাপ্রধান এবং মা ছিলেন প্রধানমন্ত্রী। তাদের সন্তান আজকে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন। এখানে কোন দুর্নীতি হবে না, স্বজনপ্রীতি হবে না। নির্বাচনে আমাদের দেওয়া প্রতিশ্রুতি, আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো। বাংলাদেশের হাল কেউ না কেউতো ধরতে হবে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ধরেছিলেন, আমার নেত্রী বেগম খালেদা জিয়াও ধরেছিলেন। তাদের সুযোগ্য সন্তান তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ কেমন হবে ইতোমধ্যে আপনারা টের পেয়েছেন।

তিনি বলেন, আমার নেত্রী বেগম খালেদা জিয়া প্রতিশ্রুতি দিয়েছিলেন, দেশে নারী ক্ষমতায়ন বৃদ্ধি ও নারী শিক্ষা সম্প্রসারণ করা হবে। পৃথিবীর কোনো দেশে নেই, বেগম খালেদা জিয়া খাদ্যের বিনিময়ে শিক্ষার কর্মসূচি দিয়েছেন। ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা অবৈতনিক করেছেন উপবৃত্তি সহকারে। উপমহাদেশের ইতিহাসে যেভাবে একজন নারী শিক্ষার ক্ষেত্রে অবদান রেখেছেন এটি বিরল।

লক্ষ্মীপুর জেলা প্রশাসক এসএম মেহেদী হাসানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, লক্ষ্মীপুর জেলা পরিষদ প্রশাসক সাহাবউদ্দিন সাবু, জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা বিএনপির যুগ্মআহবায়ক হাছিবুর রহমান প্রমুখ।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!