যে টাইগার ক্রিকেটারকে লাল বলের সেরা পেসার বললেন বাবর আজম
স্পোর্টস ডেস্ক : অল্প সময়ের মধ্যেই ক্রিকেট বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছেন বাংলাদেশের পেসার নাহিদ রানা। বিশেষ করে গতির কারণে সবার নজর কেড়েছেন ডানহাতি এই পেসার। গতি ও বাউন্সে নিয়মিতই ব্যাটারদের পরীক্ষা নিচ্ছেন নাহিদ। তার বোলিংয়ে মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছে প্রতিপক্ষ শিবিরেও। পাকিস্তানের বাবর আজম তো বলেই ফেললেন, লাল বলের ক্রিকেটে নাহিদ রানা অন্যতম সেরা একজন পেসার।
বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা এই ব্যাটার সিলেট টেস্টেও শেষ পর্যন্ত নাহিদ রানার গতির কাছে হার মেনেছেন। নাহিদের বলেই আউট হয়েছেন বাবর আজম। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নাহিদকে নিয়ে প্রশংসা করে বলেন, বর্তমানে লাল বলের ক্রিকেটে সবচেয়ে দ্রুতগতির বোলারদের কাতারে আছেন নাহিদ রানা। তার মতে, তরুণ এই পেসার দারুণ ছন্দে আছেন এবং ধারাবাহিকভাবে ভালো বোলিং করে যাচ্ছেন।
‘বর্তমানে লাল বলের ক্রিকেটে নাহিদ রানা দ্রুততম বোলারদের মধ্যে একজন। সে খুব ভালো করছে। আমার মনে হয় সে খুবই প্রতিভাবান এবং তার শক্তির জায়গাটা হচ্ছে গতি। সে দুর্দান্ত এবং বোলিংয়ে নিয়ন্ত্রণও খুব ভালো। দিনকে দিন সে তার বোলিংয়ে উন্নতি করছে। ভবিষ্যতের জন্য শুভ কামনা রইলো।’
বাবর আরও বলেন, ‘নাহিদ খুব মেধাবী ক্রিকেটার। তার গতি আছে। সে উন্নতি করছে, সামনে আরও ভালো করবে। সত্যি বলতে পিচ ভালো ছিল। বোলাররাও ভালো করেছে। তবে আমরা আরও দায়িত্ব নিতে পারতাম।’
পরে বাবরকে আউট করা নিয়ে নাহিদ রানা বলেন, ‘প্রত্যেক ব্যাটারকে আউট করতেই মজা লাগে। প্রতিটি উইকেট আমার জন্য এবং দলের জন্য গুরুত্বপূর্ণ।’
এর আগে রাওয়ালপিন্ডি টেস্ট জিততে বড় ভূমিকা রেখেছিলেন নাহিদ রানা। সবশেষ কয়েকটি সিরিজেও নাহিদ দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। নিয়মিতই তিনি বল করে যাচ্ছেন ১৪৫ থেকে ১৫০ গতিতে। বর্তমানে পুরো বিশ্বে তার মতো এমন গতির বোলার নেই বললেই চলে।
সবশেষ পিএসলেও দারুণ করেছেন নাহিদ। একই দলের হয়ে খেলেছেন বাবর আজম ও নাহিদ। তাই নাহিদকে খুব কাছ থেকে দেখেছেন বাবর।
এখনও পর্যন্ত লাল বলের ক্রিকেটে মাত্র তিন ম্যাচে নাহিদ রানার মুখোমুখি হয়েছেন বাবর আজম। তিনবারই আউট হয়েছেন তার বলে। বাবর আজম বলেন, ‘আমি তেমনটা মনে করি না (নাহিদের বিপক্ষে দুর্বলতা আছে কি না)। লাল বলের ক্রিকেটে সে (নাহিদ) অন্যতম সেরা একজন পেস বোলার।’
বাবর আজম আরও বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে আপনি যেকোনো দলের বিপক্ষে খেললেই ১৪০ থেকে ১৫০ কিলোমিটারের গতিতে বোলিং করা বোলারদের পাবেন। আপনাকে সেই পরিস্থিতিতে সামলাতে জানতে হবে। আমি সবসময়ই আমার স্বাভাবিক খেলা খেলার চেষ্টা করি।’





