ঢাকা   সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

তিন মাসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৭ মে ২০২৬, ১১:৩৪ পিএম

তিন মাসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘সরকারি হাসপাতাল থেকে শুরু করে সরকারি অফিসগুলোতে দালালচক্র সক্রিয় রয়েছে। গত তিন মাসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে।’ রোববার বিকেলে কুমিল্লার হোমনা বাসস্ট্যান্ড সংলগ্ন বালুর মাঠে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘গুম-খুনের পরিস্থিতি খারাপ হচ্ছে। হাম ও নিউমোনিয়ায় শিশু মারা যাচ্ছে। কিন্তু সরকারকে কিছু জিজ্ঞেস করলেই তারা অন্তর্বর্তীকালীন সরকারের ওপর দায় চাপায়। অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিভিন্ন দাবিতে প্রতিদিন আন্দোলন হলেও এখন আর কোনো আন্দোলন দেখা যাচ্ছে না।’

সরকারের বিরুদ্ধে স্বজনপ্রীতি ও বৈষম্যের অভিযোগ তুলে তিনি বলেন, ‘নেতার পেছনে ঘুরে বা গাড়ির পেছনে দৌড়ে নেতা হওয়া যায় না। পরিবারতন্ত্র নয়, যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।’

নারী নেতৃত্বের পক্ষে অবস্থান নিয়ে তিনি বলেন, ‘নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে নাগরিক মর্যাদা নিয়ে চলার সুযোগ নিশ্চিত করতে হবে। নারীদের রাজনীতি ও ভোটাধিকার থেকে বঞ্চিত করার চিন্তাধারাকে তিনি ‘পশ্চাৎপদ’বলে উল্লেখ করেন।’

তরুণদের উদ্দেশে তিনি বলেন, ‘এই সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। ফেসবুকে লেখালেখি করলেও এখন বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ শোনা যায়। তরুণ প্রজন্মকে কেউ থামিয়ে রাখতে পারবে না।’

সমাবেশে সভাপতিত্ব করেন হোমনা উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী রাজু আহমেদ সরকার। এসময় আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল মোহাম্মদ আতাউল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহসহ কুমিল্লা ও হোমনা উপজেলার নেতৃবৃন্দ।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!