ঢাকা   রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

গুমের মামলা: সাবেক আইজিপি বেনজীরের সহযোগী রিফাতকে ট্রাইব্যুনালে হাজির

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ মে ২০২৬, ১১:৩০ এএম

গুমের মামলা: সাবেক আইজিপি বেনজীরের সহযোগী রিফাতকে ট্রাইব্যুনালে হাজির

গুমের মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক আইজিপি বেনজীর আহমেদের সহযোগী রিফাত নিলয় জোর্য়াদারকে। রোববার (২৪ মে) সকালে কারাগার থেকে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে গুমের একটি মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে গত ১৯ মে রিফাত নিলয় জোর্য়াদারের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট চেয়ে আবেদন করে প্রসিকিউশন। পরবর্তীতে সেই আবেদন মঞ্জুর করে সাবেক আইজিপি বেনজীর আহমেদের এই সহযোগীকে আদালতে হাজিরের জন্য রোববারের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, সাবেক আইজিপি বেনজীর আহমেদের সহযোগী রিফাত নিলয় জোয়ার্দারের প্রত্যক্ষ নির্দেশনা ও প্রশ্রয়ে বলপূর্বক গুমের শিকার হওয়া ভুক্তভোগী মো. মশিউর রহমানসহ একাধিক ব্যক্তিকে বিভিন্ন গোপন বন্দিশালায় আটক রাখা হয়। সেই সঙ্গে আটককালীন সময়ে গুম হওয়া ব্যক্তিদের ওপর বিভিন্ন ধরনের শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। যার মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

এছাড়াও রিফাত নিলয় জোয়ার্দারের বিরুদ্ধে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকসহ আওয়ামী লীগ নেতাদের নির্দেশে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পদ্ধতিগতভাবে হওয়া গুম-খুনের অভিযোগও রয়েছে। এসব কারণে গত ১৯ মে তাকে গুমের মামলায় গ্রেপ্তার দেখাতে প্রোডাকশন ওয়ারেন্ট চেয়ে আবেদন করে প্রসিকিউশন।

মামলা সূত্রে জানা গেছে, রিফাত নিলয় জোয়ার্দার সাবেক আইজিপি বেনজীর আহমেদের দখলে থাকা রাজধানীর একাধিক ফ্ল্যাটের তত্ত্বাবধানে ছিলেন। তিনি ফ্ল্যাটগুলো থেকে প্রতি মাসে ভাড়ার টাকা সংগ্রহ করতেন। পরবর্তীতে সেই টাকা বেনজীর আহমেদের কাছে পৌঁছে দেয়া হতো। এছাড়াও তিনি সাবেক আইজিপি বেনজীর আহমেদের অত্যন্ত ঘনিষ্ঠ ও বিশ্বাসভাজন ছিলেন বলেও অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, ধানমন্ডি থানায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইন ও দণ্ডবিধির পৃথক দু’টি মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন রিফাত নিলয় জোয়ার্দার।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!