ঢাকা   মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ঈদ উপলক্ষে ১১ কিমি রাস্তা সংস্কার করলেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৪:৫৮ পিএম

ঈদ উপলক্ষে ১১ কিমি রাস্তা সংস্কার করলেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জনদুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে প্রায় ১১ কিলোমিটার সড়ক সংস্কার করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। মঙ্গলবার সকাল ১০টা উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের হাজীগঞ্জ থেকে আক্তার মিয়ার হাট পর্যন্ত এ সংস্কার কাজের উদ্বোধন করা হয়। পরে দিনব্যাপী নেতাকর্মীদের নিয়ে ইট, রাবিশ ও বালি বিছিয়ে সড়কটি চলাচলের উপযোগী করে তোলা হয়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়। বিশেষ করে বর্ষা মৌসুমে গর্তগুলোতে পানি জমে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এতে অটোরিকশা, টমটমসহ বিভিন্ন যানবাহনের যাত্রী এবং পথচারীরা চরম ভোগান্তিতে পড়েন। ঈদকে সামনে রেখে এই উদ্যোগে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলাম আজাদ বলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এ ইউনিয়নের গর্ব। তিনি কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্ব পালন করার পাশাপাশি এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে মানুষের আস্থা অর্জন করছেন।

সুবর্ণচর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জামাল উদ্দিন বলেন, এই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে দীর্ঘদিন এলাকাবাসীকে দুর্ভোগ পোহাতে হয়েছে। আমরা ছাত্রদলের পক্ষ থেকে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির ভাইকে জানালে তিনি দ্রুত উদ্যোগ নিয়ে নিজ অর্থায়নে রাস্তা সংস্কারের কাজ শুরু করেন।

মোহাম্মদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুল আলম সেলিম বলেন, জনদুর্ভোগ লাঘবে নাছিরের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয় এবং দৃষ্টান্তমূলক।

এ বিষয়ে নাছির উদ্দিন নাছির বলেন, এ সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ, বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা যাতায়াত করে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি বিবেচনায় নিয়ে সাধারণ মানুষের স্বার্থে নিজ উদ্যোগে এই সড়ক সংস্কার করা হয়েছে। এতে মানুষের চলাচলে কিছুটা হলেও স্বস্তি আসবে।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!