ঢাকা   বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা, মূলহোতা ইয়াসিনসহ ২৪২ জনের বিরুদ্ধে মামলা

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ মে ২০২৬, ১১:২৮ পিএম

জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা, মূলহোতা ইয়াসিনসহ ২৪২ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর দুঃসাহসিক ও সংঘবদ্ধ সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে।

রোববার (২৪ মে) গভীর রাতে আলীনগর এলাকায় যৌথ বাহিনীর একটি অস্থায়ী ক্যাম্প লক্ষ্য করে গুলি বর্ষণ ও বুলডোজার দিয়ে ক্যাম্প গুঁড়িয়ে দেয় ভূমিদস্যু ও সন্ত্রাসীরা।

এই ঘটনায় ‘সন্ত্রাসী’ মো. ইয়াসিনসহ ৪২ জনের নাম উল্লেখ এবং আরও ১৫০ থেকে ২০০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে মামলা করেছে পুলিশ।

সীতাকুণ্ড থানার ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক সোহেল রানা বাদী হয়ে সোমবার রাতে মামলাটি দায়ের করেন। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিনুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সরকারি কাজে বাধা, পুলিশের ওপর সশস্ত্র হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও বিস্ফোরক আইনে এই মামলা করা হয়েছে। ঘটনাস্থল থেকে ইতোমধ্যেই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।’

পরিকল্পিত হামলা ও রাস্তা কেটে প্রতিবন্ধকতা

পুলিশ ও র‍্যাব সূত্রে জানা গেছে, গত রোববার দিবাগত রাত দুইটার দিকে জঙ্গল সলিমপুরের আলীনগর উচ্চবিদ্যালয়ের নির্মাণাধীন ভবনে স্থাপিত যৌথ বাহিনীর ক্যাম্পে অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা। হামলার সময় ক্যাম্প লক্ষ্য করে দফায় দফায় গুলি চালানো হয়। একপর্যায়ে বুলডোজার এনে ক্যাম্পের দেয়ালসহ বিভিন্ন অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাকআপ ফোর্স যাতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে না পারে, সেজন্য অত্যন্ত পরিকল্পিতভাবে পাহাড়ি রাস্তার অন্তত চারটি স্থানে গভীর গর্ত করে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় হামলাকারীরা। তবে গভীর রাতেই র‍্যাবসহ যৌথ বাহিনীর সদস্যরা সেই প্রতিবন্ধকতা পেরিয়ে অভিযান শুরু করলে হামলাকারীরা পালিয়ে যায়।

যৌথ বাহিনীর দাবি, জঙ্গল সলিমপুরের অন্যতম নিয়ন্ত্রক সন্ত্রাসী ইয়াসিন ও তার বাহিনীর সদস্যরাই এই সুপরিকল্পিত হামলার পেছনে জড়িত। গত ৯ মার্চ একটি বড় অভিযানের মাধ্যমে এই এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার পর সেখানে পুলিশ, এপিবিএন, আরআরএফ ও র‍্যাবের ১৩০ জন সদস্যের একটি ক্যাম্প স্থাপন করা হয়েছিল।

স্বরাষ্ট্রমন্ত্রীর সফর ও বিজিবি মোতায়েন

আগামী ৩১ মে সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের জঙ্গল সলিমপুর পরিদর্শনের কথা রয়েছে। র‍্যাব জানিয়েছে, এই বর্বরোচিত হামলার পরও স্বরাষ্ট্রমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তার কোনো ঘাটতি থাকবে না।

এদিকে, জঙ্গল সলিমপুরের থমথমে পরিস্থিতি নিয়ন্ত্রণ, পাহাড়ি জনপদে আইনশৃঙ্খলা পুনরুদ্ধার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে সেখানে দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হচ্ছে। চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার আবেদনের প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই অনুমোদন দিয়েছে। আগামী ৩১ মে পর্যন্ত বিজিবি সদস্যরা সেখানে মোতায়েন থাকবেন।

অপরাধের অভয়ারণ্য ‘জঙ্গল সলিমপুর’

চট্টগ্রামের বায়েজিদ-ফৌজদারহাট সংযোগ সড়ক সংলগ্ন পাহাড়ি পথ দিয়ে জঙ্গল সলিমপুরে প্রবেশ করতে হয়। ছিন্নমূল ও আলীনগর, এই দুই অংশে বিভক্ত প্রায় ৩ হাজার ১০০ একর সরকারি খাসজমি নিয়ে গঠিত এই অঞ্চলটি। জেলা প্রশাসনের তথ্যমতে, বছরের পর বছর ধরে দুর্গম এই পাহাড়ি এলাকাটি বিভিন্ন ভূমিদস্যু, পাহাড়খেকো ও সন্ত্রাসী গোষ্ঠীর অভয়ারণ্য এবং ‘মিনি রাষ্ট্র’ হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল, যা জিরো টলারেন্স নীতিতে উচ্ছেদ করার প্রক্রিয়া চালাচ্ছে প্রশাসন।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!