ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, শরিয়াহর প্রতি পূর্ণ আনুগত্যের প্রতিজ্ঞাই হবে ঈদুল আজহার সার্থকতা। বুধবার (২৭ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে এ কথা বলেন তিনি।
মুফতি রেজাউল করীম বলেন, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পুত্রকে কোরবানি করার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। ঈদুল আজহার মূলবার্তা হলো মহান আল্লাহর নির্দেশনার সামনে নিজের সবকিছুকে কোরবানি করা, উৎসর্গ করা বা ত্যাগ করা। আমাদের জীবনযাপনের ক্ষেত্রে মহান আল্লাহর ইচ্ছা শরীয়াহ আকারে হাজির আছে। নিজের বুঝ, স্বার্থ ও চিন্তাকে কোরবানি দিয়ে এই শরিয়াহর প্রতি পূর্ণ আনুগত্যের প্রতিজ্ঞাই হবে ঈদুল আজহার সার্থকতা।
চরমোনাই পীর বলেন বলেন, ঈদের ঘরমুখো এবং ঢাকা ফেরত মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে সরকারের প্রচেষ্টাকে আরও নিবিড় করতে হবে। ঢাকায় এবং দেশের সর্বত্র নিরাপত্তায় মনোযোগী হতে হবে। যারা কোরবানি দিচ্ছেন তারা কোরবানি দিতে না পারা আত্মীয় ও প্রতিবেশিদের প্রতি বিশেষ নজর রাখতে হবে। ঈদ একটি ইবাদত। এই ইবাদতের দিনে কোনো গোনাহের কাজ যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, সবাই ঈদ উদযাপনে ব্যস্ত, কিন্তু আপনারা মানুষের নিরাপত্তা রক্ষায় কাজ করছেন। আপনাদের এই পরিশ্রমের প্রতি জাতির শ্রদ্ধা রইল।
বিবৃতির শেষাংশে তিনি সবার কোরবানি কবুল এবং সকলকে নিরাপদে রাখার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা জানান।
বার্তা বাজার/এস এইচ






