গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, জামায়াত কখনোই দেশের ক্ষমতায় আসতে পারবে না। তারা স্বাধীনতাবিরোধী শক্তি।
বুধবার (২৮ মে) সকালে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের থানা রোড এলাকায় নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জামায়াত সব সময় অগণতান্ত্রিক ও স্বৈরাচার সরকারের দোসর হিসেবে কাজ করেছে। আজ তারা বিএনপি সরকারকে পতনের ভয় দেখায়। জামায়াত-এনসিপি মিলে ষড়যন্ত্র শুরু করেছে। এই অপশক্তিকে আর দেশের মানুষ গ্রহণ করবে না।
সংবাদ সম্মেলনে রাশেদ খান অভিযোগ করেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারী তরুণদের বিভ্রান্ত করছেন এবং রাজনৈতিক অঙ্গনে অশালীন ভাষার চর্চা বাড়াচ্ছেন। বক্তব্যের একপর্যায়ে তিনি নাসির উদ্দিন পাটোয়ারীকে উদ্দেশ করে কড়া ও আপত্তিকর ভাষা ব্যবহার করেন।
রাশেদ খান বলেন, ‘তিনি যেভাবে তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করছেন, গালাগাল শিখাচ্ছেন— তাকে কি মানুষের সন্তান বলা যায়? আমাকে নিয়ে আমার নিজ জেলায় এসে মন্তব্য করেছেন। আমি তাকে বলতে চাই, আবার ঝিনাইদহে আসেন, আমি আপনাকে প্রটেকশন দেব।’
তিনি আরও বলেন, ‘আমার মনে হয় নাসিরুদ্দিন পাটোয়ারী জলাতঙ্ক রোগে ভুগছেন। তাকে ভ্যাকসিন দেওয়া দরকার। ভ্যাকসিন না দিলে তিনি সুস্থ হবেন না।’
এ সময় নাসিরুদ্দীন পাটওয়ারীকে ‘রাজনৈতিক জোকার’ আখ্যা দিয়ে রাশেদ খান দাবি করেন, তিনি নিয়মিত অশালীন বক্তব্য দিয়ে দেশের রাজনৈতিক পরিবেশ নষ্ট করছেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ঝিনাইদহ সফরের সময় নাসির উদ্দিন পাটোয়ারী অস্ত্রধারী ক্যাডার নিয়ে এসেছিলেন। যদিও তার ওপর ছাত্রদলের কেউ হামলা চালায়নি বলেও দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তবিবুর রহমান মিনি, বিএনপি নেতা শামছুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জহির হাসান মোহনসহ স্থানীয় নেতাকর্মীরা।
বার্তা বাজার/এস এইচ






