পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাধারণ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ এবং সড়ক দুর্ঘটনায় দুটি শোকাহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার পথে তীব্র যানজটের আটকা পড়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যানজটের কারণে নির্ধারিত সময়ে এলাকায় পৌঁছাতে না পেরে তিনি বুধবার (২৭ মে) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। সেই পোস্টে মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তা নিয়ে সমালোচনা করেছেন এই সংসদ সদস্য।
ফেসবুক পোস্টে তিনি লিখেন, গরিব অসহায় ও দুস্থ মানুষের ঈদ সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বরাদ্দকৃত (১০ লাখ টাকা) ঈদ উপহার সাধারণ মানুষের মাঝে বিতরণের জন্য এবং টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের মামুনের পরিবার ও চরবাগডাঙ্গায় বজ্রপাতে নিহত মনোয়ারার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশ্যেই গতকাল রাত ১১টা ৩৮ মিনিটে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা হই। এখন বেলা ১১টা ২৫ মিনিট, তীব্র যানজটের কারণে আমরা এখনো টাঙ্গাইলের জ্যামে আটকে আছি।
তিনি আরও লিখেন, সকাল ১০টা এবং বেলা ১১টায় দুটি ভিন্নস্থানে ১০০০ জনকে এক হাজার টাকা করে আমি উপস্থিত থেকে বিতরণ করার কথা ছিল। কিন্তু তীব্র যানজটের কারণে সেটা আর সম্ভব হলো না। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
সংসদ সদস্য বলেন, ‘একদিকে সড়ক পরিবহন মন্ত্রীর পক্ষ থেকে ঈদযাত্রায় জনগণের স্বস্তির কথা বলা হচ্ছে কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। যানজটের কারণে মানুষের দুর্বিষহ ভোগান্তির বাস্তব চিত্র আমি নিজে উপলদ্ধি করছি। ১২ ঘণ্টায় আমি ঢাকা থেকে মাত্র টাঙ্গাইল পৌঁছেছি। এই লম্বা জার্নিতে রাস্তায় কোথাও ট্রাফিক বা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করলাম না।






