লেবানন সীমান্তের কাছে হিজবুল্লাহর ড্রোন হামলায় এক ইসরাইলি নারী সেনা সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। এছাড়া আরও দুই রিজার্ভ সেনা আহত হয়েছেন। এদিকে সীমান্তে লড়াই আরও তীব্র হচ্ছে।
গত বুধবারের (২৭ মে) ওই হামলায় নিহত সেনার নাম রোতেম ইয়ানাই, বয়স ছিল ২০ বছর। তিনি উত্তর ইসরাইলে দায়িত্ব পালন করছিলেন। ইসরাইলি সেনাবাহিনীর দাবি, বিস্ফোরক বহনকারী হিজবুল্লাহর একটি ড্রোন হামলায় তিনি নিহত হন। একই ঘটনায় একজন রিজার্ভ সেনা গুরুতর এবং আরেকজন মাঝারি ধরনের আহত হয়েছেন।
গত ২ মার্চ থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত মোট ২৪ জন ইসরাইলি নিহত হয়েছেন। তাদের মধ্যে ২৩ জন সেনা সদস্য এবং একজন বেসামরিক ঠিকাদার রয়েছেন। এদিকে লেবাননের টায়ার শহর এবং জহরানি নদীর দক্ষিণাঞ্চলকে ‘যুদ্ধক্ষেত্র’ ঘোষণা করে ব্যাপক হামলা শুরু করেছে ইসরাইল। হামলায় লেবানিজ সেনা নিহতের খবরও পাওয়া গেছে।
এর আগে অঞ্চলটি থেকে লাখ লাখ মানুষকে ঘরবাড়ি ছাড়ার চূড়ান্ত নির্দেশ দেয় তেল আবিব। অন্যদিকে এই আগ্রাসন রুখতে পাল্টা আঘাত হানার দাবি করেছে হিজবুল্লাহ।
কাগজে-কলমে লেবানন-ইসরাইল যুদ্ধবিরতি চুক্তি হলেও বাস্তবতা ভিন্ন। এখনও লেবাননের বিভিন্ন এলাকায় হামলা অব্যাহত রেখেছে দখলদার বাহিনী। এরইমধ্যে দেশটির অন্যতম বৃহত্তম এবং প্রাচীন শহর টায়ারসহ জহরানি নদীর দক্ষিণ অঞ্চলকে ‘কমব্যাট জোন’ বা যুদ্ধক্ষেত্র ঘোষণা করেছে তেল আবিব।
সীমান্ত থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরের এই অঞ্চলজুড়ে লেবাননের বাসিন্দাদের অবিলম্বে উত্তর দিকে সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরাইলি বাহিনী।
বাস্তুচ্যুতির এই নির্দেশের পরপরই টায়ার, দেইর আমাস ও বুর্জ আল-শামালিসহ লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে ১২০টিরও বেশি ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে নারী ও শিশুসহ বেশ কয়েকজন নিহতের খবর পাওয়া গেছে। ইসরাইলি হামলায় লেবানিজ সেনা নিহত হয়েছেন বলেও জানিয়েছে বৈরুত।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাফ জানিয়েছেন, ইসরাইলের উত্তরাঞ্চলকে সুরক্ষিত রাখতে লেবাননের ভেতরে একটি ‘নিরাপত্তাবলয়’ গড়ে তোলা হচ্ছে। এ লক্ষ্যে ইসরাইলি পদাতিক বাহিনীর একটি বিশাল অংশকে লেবাননের আরও গভীরে পাঠানো হয়েছে।
তবে সীমান্তে তীব্র প্রতিরোধ গড়ে তোলার দাবি করেছে হিজবুল্লাহ। জাওতার আল-শারকিয়ায় মুখোমুখি লড়াইয়ে ইসরাইলি সেনা ও ট্যাংক লক্ষ্য করে ড্রোন, রকেট হামলা চালিয়েছে তারা। এতে ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের বিষয়ে কিছু জানা যায়নি।
গত মার্চে সংঘাত শুরুর পর থেকে ইসরাইলি হামলায় লেবাননে এ পর্যন্ত ৩ হাজার ২১৩ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। এপ্রিলে যুদ্ধবিরতির পর থেকেই ইসরাইলি বাহিনীর আগ্রাসনে নিহত হয়েছেন ছয় শতাধিক। জবাবে হিজবুল্লাহর ড্রোন ও রকেট হামলায় অন্তত ১০ ইসরাইলি সেনার মৃত্যুর খবর নিশ্চিত করেছে তেল আবিব।
সূত্র: সিএনএন
বার্তা বাজার/এস এইচ






