জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির দিন দিন অবনতি ঘটছে। বেশ কিছু শিশু মারা গেছে, ধর্ষণের ঘটনা ঘটছে। তবে এসব ঘটনার সঙ্গে সরকারি দলের লোকেরাই জড়িত। যেহেতু সরকারি দলের লোকেরাই এসবের সঙ্গে জড়িত তাই আইনশৃঙ্খলা বাহিনী অনেক সময় কঠোর আচরণ করতে চাইলেও পারে না। আমরা সংসদে এই বিষয়টা তুলে ধরবো। সংসদের বাইরেও যেহেতু আমরা তাদের সঙ্গে একসঙ্গে কাজ করছি, এসব কথা বলার সুযোগ আছে। এ ব্যাপারে আরও কীভাবে সচেতন ভূমিকা পালন করা যায়, সেই আলাপ করবো।’
রবিবার (৩১ মে) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
বিএনপি সরকারকে ব্যর্থ সরকার বলা যায় কিনা এমন প্রশ্নের জবাবে বিরোধীদলীয় উপনেতা বলেন, ‘আমরা এত তাড়াতাড়ি বিএনপি সরকারকে ব্যর্থ সরকার বলতে চাই না। কিন্তু যদি এই প্রক্রিয়াটা অব্যাহত থাকে তাহলে তাদের ব্যর্থতা মানুষের কাছে আরও পরিষ্কার হবে। তখন ব্যর্থ সরকার আমরা না বললেও মানুষ ব্যর্থ সরকার হিসেবেই দেখবে। এটি দেশের জন্য মারাত্মক পরিস্থিতির সৃষ্টি করতে পারে। আমি বিএনপি ও সরকার প্রধানকে আহ্বান জানাবো দ্রুত সময়ের মধ্যে এসব সমস্যা চিহ্নিত করে সমাধান করে আমাদের উন্নয়নের দিকে যাওয়া উচিত।’
চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান ও সেক্রেটারি বেলাল হোসাইনের পরিচালনায় চৌদ্দগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আবদুল হালিম, কুমিল্লা দক্ষিণ জেলার আমির মুহাম্মদ শাহজাহান প্রমুখ।
বার্তা বাজার/এস এইচ






